বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
[gtranslate]
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২০ বারের মতো পেছাল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ২:৪০ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২০ বারের মতো পেছাল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২০তম বারের মতো পিছিয়েছে। আগামী ৭ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (৩ নভেম্বর) তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো (পূর্ব) বিভাগের সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা এদিন প্রতিবেদন দাখিল করতে পারেননি।

প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

হাদি হত্যা মামলায় ১৭ জনকে অভিযুক্ত করে গত ৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে ওই অভিযোগপত্রে সন্তুষ্ট ছিল না ইনকিলাব মঞ্চ। গত ১৫ জানুয়ারি অভিযোগপত্র গ্রহণের শুনানির দিন মামলার বাদী ও সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এতে অসন্তোষ জানিয়ে নারাজি আবেদন করেন। পরে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।

জুলাই গণ-অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া শরীফ ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারের অংশ হিসেবে গণসংযোগ করতে বিজয়নগর এলাকায় গেলে তিনি হামলার শিকার হন। চলন্ত রিকশায় থাকা হাদিকে একটি চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা ব্যক্তি গুলি করেন।

গুরুতর আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর রাতেই তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন পর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।

হাদি গুলিবিদ্ধ হওয়ার পর ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা করেন। পরে মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা যুক্ত করা হয়। থানা পুলিশ ও ডিবির হাত ঘুরে মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব পায় সিআইডি।

ডিবির দেওয়া অভিযোগপত্রে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী, সাবেক ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে আসামি করা হয়। অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ উল্লেখ করেন, আসামিদের রাজনৈতিক পরিচয় এবং বিভিন্ন সময়ে হাদির দেওয়া রাজনৈতিক বক্তব্য বিশ্লেষণে প্রাথমিকভাবে রাজনৈতিক প্রতিহিংসার বিষয়টি উঠে এসেছে। তাঁর দাবি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করা এবং ভোটারদের মধ্যে ভীতি তৈরির উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে হাদির নির্বাচনী প্রচারে অনুপ্রবেশ করে তাঁকে গুলি করা হয়।

অভিযোগপত্রে প্রধান অভিযুক্ত হিসেবে ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদের নাম রয়েছে। তাঁর পাশাপাশি পরিবারের সদস্য, সহযোগী এবং ভারতে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ফয়সাল করিমসহ শেষের পাঁচজন পলাতক রয়েছেন।

অধিকতর তদন্ত শেষে সিআইডির প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ ডিসেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত।

তাড়াইলে বড় পর্দায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন দেখল শিক্ষার্থী-খুদে খেলোয়াড়েরা

রুহুল আমিন প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ
তাড়াইলে বড় পর্দায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন দেখল শিক্ষার্থী-খুদে খেলোয়াড়েরা

সারাদেশের ৫০৩টি উপজেলার সঙ্গে একযোগে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদ মিলনায়তনে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সম্প্রচার অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক-শিক্ষার্থী, ক্ষুদে খেলোয়াড় ও অভিভাবকেরা অংশ নেন।

বৃহস্পতিবার বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে তাড়াইল উপজেলা পরিষদ মিলনায়তনে স্থাপিত বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থী এবং ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিরা।

এ সময় উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার, সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী, তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ মণ্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহিদুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু এবং উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা হাসিফুর রহমান নাদিম। এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, ক্ষুদে খেলোয়াড়, অভিভাবক ও ক্রীড়া সংগঠকেরা অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা স্টেডিয়ামে হাজারো শিশু-কিশোরের অংশগ্রহণে বর্ণাঢ্য ডিসপ্লে ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পাশাপাশি চীনের শিক্ষার্থীদের পরিবেশনায় ড্রাগন ও লায়ন ড্যান্স দর্শকদের মুগ্ধ করে। বড় পর্দায় এসব পরিবেশনা উপভোগ করেন তাড়াইল উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত দর্শকেরা। প্রধানমন্ত্রীর উদ্বোধনী বক্তব্য চলাকালে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

তৃণমূল পর্যায় থেকে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং খেলাধুলার প্রতি তাদের আগ্রহ বাড়ানোই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মূল উদ্দেশ্য। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের আসরে সারাদেশ থেকে ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন প্রতিযোগী অনলাইনে নিবন্ধন করেছেন।

প্রথম আসরের আটটি ইভেন্টের সঙ্গে এবার ভলিবল ও টেবিল টেনিস যুক্ত হয়েছে। ফলে মোট ১০টি খেলায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরেরা এসব প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এবারের আসরের স্লোগান—‘খেলাধুলা পেশা, পরিবারের নিশ্চয়তা’।

তাড়াইল উপজেলাতেও ইউনিয়ন পর্যায় থেকে প্রতিযোগী বাছাই করে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করা হবে। এরপর জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে আগামী মে-জুন মাসের মধ্যে ঢাকায় জাতীয় পর্যায়ের ফাইনাল আয়োজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন ও খাদ্যপণ্যে অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হাবিবুর রহমান বিপ্লব প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন ও খাদ্যপণ্যে অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

কিশোরগঞ্জের করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন করে নামী-দামি বিভিন্ন কোম্পানির নামে বাজারজাত, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের অপরাধে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৭৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলার নিয়ামতপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে এসব জরিমানা করা হয়।

অভিযানে নকল ভূষি উৎপাদন করে নামী-দামি বিভিন্ন কোম্পানির নামে বাজারজাত করার অপরাধে মেসার্স ইভা এন্ড স্নিগ্ধা এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে তাইয়্যেবা সুইটসকে ২০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের অপরাধে মেসার্স সাফায়াত এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে জেলা বীজ প্রত্যয়ন অফিসার তানজীনা বেবী এবং জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

অভিযান শেষে সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জরিমানার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাজার তদারকির পাশাপাশি জনস্বার্থে ব্যবসায়ীদের ন্যায্য দামে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং দোকানের দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শনের বিষয়ে সতর্ক ও সচেতন করা হয়েছে।

ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং বাজারে অনিয়ম ও প্রতারণা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কিশোরগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ পাবনার যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ
কিশোরগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ পাবনার যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ মো. সাদ্দাম হোসেন (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তাঁর কাছ থেকে মাদক বিক্রির ১ হাজার ৯৩০ টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহারের অভিযোগে একটি স্মার্টফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর ৪টা ৪০ মিনিটে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ঈদগাহ মাঠসংলগ্ন আঞ্চলিক মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালায় এসআরবি-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জের একটি আভিযানিক দল। গ্রেপ্তার সাদ্দাম হোসেন পাবনা জেলার বাসিন্দা।

এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, চেকপোস্টে তল্লাশির সময় সিলেট থেকে ময়মনসিংহগামী ‘বিশাল পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস থামানো হয়। বাসটির পেছনের আসনে বসা এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাঁর সঙ্গে থাকা একটি ট্রাভেলিং ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতর থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানকারী দলের দাবি, উদ্ধার করা গাঁজার পাশাপাশি সাদ্দাম হোসেনের কাছ থেকে মাদক বিক্রির ১ হাজার ৯৩০ টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

এসআরবির ভাষ্য, সাদ্দাম দীর্ঘদিন ধরে হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ময়মনসিংহের দিকে নিয়ে যাচ্ছিলেন। তবে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

সারাদেশে মাদকের বিস্তার রোধ এবং মাদক চোরাকারবারিদের আইনের আওতায় আনতে এসআরবি নিয়মিত অভিযান পরিচালনা করছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।