সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার
তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে (৫৭) গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ-সংক্রান্ত আবেদন মঞ্জুর করেন।
সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৭ অক্টোবর এ মামলায় দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের পুলিশ পরিদর্শক মো. মাসুদুর রহমান।
আবেদনে বলা হয়, গত ১৮ জুন তেজগাঁও শিল্পাঞ্চল থানার শহীদ তাজউদ্দীন আহমেদ সরণি সংলগ্ন মহাখালী বাস টার্মিনাল এলাকায় ছাত্রলীগ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে একটি মিছিল বের করা হয়। ওই মিছিল থেকে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া এবং ককটেল বিস্ফোরণের অভিযোগ রয়েছে।
আবেদনে আরো বলা হয়, মামলার ঘটনার সঙ্গে দিলীপ আগরওয়ালার সম্পৃক্ততার যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তাঁকে এ মামলায় অর্থ ও অন্যান্য মাধ্যমে সহায়তাকারী বা মদদদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে তাঁকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন। শুনানি শেষে বিচারক আবেদনটি মঞ্জুর করেন।
গত ১৯ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক উত্তরা পশ্চিম থানার একটি হত্যাচেষ্টা মামলায় তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ ছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলাতেও তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার করেছিল র্যাব। পরে বিভিন্ন হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় জামিন পাওয়ার পর ২০২৫ সালের ১ অক্টোবর কারাগার থেকে মুক্তি পান তিনি।










Disqus comments are not configured yet.