ঢাকা মেডিকেলে দুদকের অভিযান, চিকিৎসাসেবায় বেহাল দশা
দীর্ঘদিনের অনিয়ম ও নানা হয়রানির অভিযোগের ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে চিকিৎসাসেবায় অব্যবস্থাপনার চিত্র পেয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন বিভাগে অভিযান চালায় দুদকের একটি দল। এ সময় একাধিক রোগীর স্বজন দুদকের কাছে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ করেন এবং প্রতিকার দাবি জানান।
অভিযানে নেতৃত্ব দেন দুদকের চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান। তিনি বলেন, ‘আমরা এখানে অনেক কিছু ঠিকঠাক পাইনি। চিকিৎসকদের রুমে পাইনি আমরা। জরুরি বিভাগে ডা. তানভীর থাকার কথা, তিনি নেই। নিউরো সার্জনকে রুমে পাইনি আমরা।’
দুদক চেয়ারম্যান আরও বলেন, ‘এখানে রোগীরা সেবা পাচ্ছেন না। একেবারে বেহাল অবস্থা। পরিচালককে বিষয়গুলো দেখার জন্য বলেছি। হাসপাতালে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
শুধু ঢাকা মেডিকেল নয়, সারা দেশের হাসপাতালসহ সব সেবাখাতে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হবে বলেও জানান দুদক চেয়ারম্যান।
এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন জানান, দুদকের উত্থাপিত অভিযোগগুলো আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
দুদক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সরকারি এই হাসপাতালে ওষুধ সরবরাহ, চিকিৎসা সরঞ্জাম কেনাকাটা, দালাল চক্রের দৌরাত্ম্য, জরুরি বিভাগে সেবা প্রদানে দীর্ঘসূত্রতা এবং চিকিৎসকদের যথাসময়ে উপস্থিতি নিয়ে বিভিন্ন অভিযোগ আসছিল। এসব অভিযোগের সত্যতা যাচাই করতেই বৃহস্পতিবার এ অভিযান চালানো হয়।










Disqus comments are not configured yet.