তাড়াইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা
শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে কিশোরগঞ্জের তাড়াইলে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতারের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী।
আলোচনা সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ, তাড়াইল উপজেলা কমান্ডের আহ্বায়ক সিদ্দিকুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাশেদুজ্জামান মিয়া, তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ মণ্ডল, উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন, সাধারণ সম্পাদক সারোয়ার আলম, উপজেলা তাঁতী দলের সভাপতি এনামুল হক ভূঁইয়া নজরুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আতিকুর রহমান অপু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া এবং সাংবাদিক রবীন্দ্র সরকার।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে দেশ এক গভীর সংকট থেকে রক্ষা পেয়েছিল। সেদিন সেনাবাহিনীর দেশপ্রেমিক সিপাহি ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজপথে নেমে এসেছিলেন।
বক্তারা আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শুধু একটি দিবস নয়; এটি জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনার প্রতীক। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আগামী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এ দিবসের তাৎপর্য তুলে ধরা প্রয়োজন।
আলোচনা সভা শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।










Disqus comments are not configured yet.