টেকনাফে উদ্ধার মানবপাচারের শিকার ব্যক্তিদের পুনর্বাসনের দাবি
কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া মানবপাচারের শিকার ব্যক্তিদের নিরাপত্তা, চিকিৎসা, আইনি সহায়তা ও দীর্ঘমেয়াদি পুনর্বাসন নিশ্চিত করার দাবি জানিয়েছে সারভাইভার-নেতৃত্বাধীন সংগঠন অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন। একই সঙ্গে অভিযানে নিহত সেনাসদস্য সৈনিক মো. তিতাস শেখের মৃত্যুর ঘটনা এবং মানবপাচার, জিম্মি করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
রবিবার সংগঠনটির সভাপতি মো. আল-আমিন নয়নের স্বাক্ষরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর এ বিষয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে উদ্ধার হওয়া ব্যক্তিদের সুরক্ষা ও পুনর্বাসনের পাশাপাশি মানবপাচার চক্রের মূল হোতা, নিয়োগকারী, অর্থদাতা, অস্ত্রের উৎস এবং দেশি-বিদেশি সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
আইএসপিআরের ৫ নভেম্বরের বিজ্ঞপ্তি ও জাতীয় পত্রিকার বরাত দিয়ে স্মারকলিপিতে বলা হয়, টেকনাফের রঙ্গীখালী পাহাড়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে গোলাগুলির সময় সৈনিক মো. তিতাস শেখ (২৭) গুরুতর আহত হন। পরে রামু সিএমএইচে তাঁকে মৃত ঘোষণা করা হয়। একই অভিযানে ৫৭ জনকে উদ্ধার এবং সন্দেহভাজন মানবপাচার চক্রের পাঁচ সদস্যকে আটকের তথ্য জানানো হয়েছিল।
অনির্বাণের দাবি, উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রকৃত সংখ্যা, তাঁদের বর্তমান অবস্থান, নিরাপত্তা এবং প্রয়োজনীয় সেবা পাওয়ার বিষয়ে হালনাগাদ সরকারি তথ্য নিশ্চিত করতে হবে। প্রাথমিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিখোঁজ ব্যক্তির সংখ্যা নির্ধারণ না করে প্রত্যেককে পৃথকভাবে শনাক্ত ও যাচাই করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সংগঠনটির সাত দফা দাবির মধ্যে রয়েছে—উদ্ধার হওয়া ব্যক্তিদের জন্য নিরাপদ আশ্রয়, চিকিৎসা, মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা, আইনি সহায়তা এবং প্রয়োজন অনুযায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা।
পরিবারের কাছে ফেরানোর আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত ও নিরাপত্তার ঝুঁকি মূল্যায়ন এবং ইতিমধ্যে ফিরে যাওয়া ব্যক্তিদের সম্মতিতে পরবর্তী সহায়তার ব্যবস্থা করার কথাও বলা হয়েছে।
এ ছাড়া উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে শিশু থাকলে শিশুবান্ধব সুরক্ষা ব্যবস্থা এবং রোহিঙ্গাদের ক্ষেত্রে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়সহ সংশ্লিষ্ট সুরক্ষা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, মানবপাচারের শিকার ব্যক্তিদের শুধু উদ্ধার বা অভিবাসন পরিস্থিতির কারণে অপরাধী হিসেবে বিবেচনা করা যাবে না। তাঁদের পৃথকভাবে শনাক্ত করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী ও সাক্ষীদের নিরাপত্তা, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। গণমাধ্যমে কথা বলাকে কোনো ধরনের সহায়তা পাওয়ার শর্ত করা যাবে না বলেও উল্লেখ করা হয়েছে।
মানবপাচারপ্রবণ পাহাড়ি এলাকা, উপকূলীয় অঞ্চল, নৌপথ ও সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় অব্যাহত রাখার দাবিও জানিয়েছে সংগঠনটি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি স্মারকলিপির অনুলিপি পাঠানো হয়েছে জাতীয় মানবপাচার দমন সংস্থার চেয়ারম্যান, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান, কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কাছে।
অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশনের সভাপতি মো. আল-আমিন নয়ন বলেন, “উদ্ধার অভিযান শেষ হওয়াই দায়িত্বের শেষ নয়। উদ্ধার হওয়া প্রত্যেক মানুষের নিরাপত্তা, মর্যাদা, চিকিৎসা, ন্যায়বিচার ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সৈনিক তিতাস শেখের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এই অপরাধের পেছনে থাকা পুরো চক্রকে আইনের আওতায় আনা জরুরি।”










Disqus comments are not configured yet.