ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস সোফির বাংলাদেশ সফর শুরু কাল
যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং অংশীদারির বিভিন্ন দিক তুলে ধরতে তিন দিনের সরকারি সফরে আগামীকাল সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফি। তিনি রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই প্রিন্স এডওয়ার্ডের স্ত্রী।
বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছে, ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন ডাচেস সোফি। সফরে নারী ও মেয়েদের কল্যাণ, সুরক্ষা ও ক্ষমতায়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। এ উপলক্ষে তিনি বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, ঢাকায় পৌঁছানোর পর ডাচেস সোফিকে অভ্যর্থনা জানাবেন বাংলাদেশের রাষ্ট্রপতি। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও উপস্থিত থাকবেন।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা এবং শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরতে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করবেন।
সফরের অংশ হিসেবে ডাচেস সোফি বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শন করবেন। সেখানে নারী হকি খেলোয়াড়সহ উদীয়মান তরুণ ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এ আয়োজনের মাধ্যমে নারী ও মেয়েদের জন্য নতুন সুযোগ তৈরিতে খেলাধুলার ভূমিকা তুলে ধরা হবে।
এ ছাড়া বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে তরুণ প্রজন্মকে নিয়ে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন ডাচেস। সেখানে শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও নারী ক্ষমতায়নের বিষয়ে বক্তব্য দেবেন তিনি।
ঢাকার কর্মসূচি শেষে কক্সবাজারে যাবেন ডাচেস সোফি। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন।
কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে অবস্থানকালে বলপূর্বক বাস্তুচ্যুত নারী, শিশু ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পরিচালিত সুরক্ষা ও সহায়তা কার্যক্রম সম্পর্কে জানবেন তিনি। পাশাপাশি শরণার্থী শিবিরগুলোতে নারী ও শিশুদের নেতৃত্ব বিকাশ এবং সংকট মোকাবিলায় তাদের সক্ষমতা বাড়াতে নেওয়া উদ্যোগগুলোও পর্যবেক্ষণ করবেন ডাচেস।










Disqus comments are not configured yet.