কর্শাকড়িয়াইলে চেয়ারম্যান প্রার্থী আনিছের পক্ষে নেতাকর্মীদের মোটরসাইকেল শোভাযাত্রা
কিশোরগঞ্জ সদর উপজেলার ১০ নম্বর কর্শাকড়িয়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সরব হয়ে উঠেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন। চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা ও জনসংযোগকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বাড়ছে তৎপরতা। এরই ধারাবাহিকতায় বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী ও বর্তমান ইউপি সদস্য মো. আনিছুজ্জামান আনিছের সমর্থনে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (৭ নভেম্বর) বিকেলে কর্শাকড়িয়াইল আলহাজ্ব ওয়াজেদুল ইসলাম খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মোটরসাইকেলের বহরটি কড়িয়াইল বানিয়া বাজারসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রাটি পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পাঁচ শতাধিক মোটরসাইকেলের এই শোভাযাত্রাকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একাধিক সম্ভাব্য প্রার্থী প্রচার-প্রচারণা চালালেও আলোচনায় রয়েছেন মো. আনিছুজ্জামান আনিছ। তিনি বর্তমানে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য এবং একই ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তৃণমূলের রাজনীতি ও জনপ্রতিনিধিত্বের সঙ্গে যুক্ত থাকায় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে তাঁর পরিচিতি রয়েছে।
শোভাযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক মোকাদ্দেস ভূঁইয়া, কর্শাকড়িয়াইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ উদ্দিন ভূঁইয়া ও রবিউল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি সেলিম মেম্বার, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম এবং ছাত্রদল নেতা ইমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শোভাযাত্রাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা তৈরি হয়েছে। এলাকার রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা, ড্রেনেজ ব্যবস্থা ও সামগ্রিক সামাজিক উন্নয়ন নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছেন স্থানীয় ভোটাররা। তাঁদের প্রত্যাশা, নির্বাচিত জনপ্রতিনিধি সাধারণ খেটে খাওয়া মানুষ ও কৃষকদের সুখে-দুঃখে পাশে থাকবেন এবং ইউনিয়নের নাগরিক সুবিধা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবেন।
কর্শাকড়িয়াইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রবি বলেন, “চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকলেও আনিছুজ্জামান আনিছ একজন তরুণ, রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্ব। গত ১৭ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে তাঁর ভূমিকা প্রশংসনীয়। আনিছ দলীয় সিদ্ধান্তের প্রতি অনুগত; দল যাকে মনোনয়ন দেবে, তিনি তা মেনে নেবেন।”
চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী মো. আনিছুজ্জামান আনিছ বলেন, “গত পাঁচ বছর আমি একটি ওয়ার্ডের জনগণের সেবা করেছি। এখন পুরো ইউনিয়নের মানুষের প্রত্যাশা পূরণে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। নির্বাচিত হলে রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে কাজ করব। আমি বিএনপির মনোনয়নের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী। তবে দল যাকে যোগ্য মনে করে সমর্থন করবে, আমরা ঐক্যবদ্ধভাবে তাঁকে বিজয়ী করব।”













Disqus comments are not configured yet.