বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
[gtranslate]
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

প্রাথমিক শিক্ষায় সাক্ষরতা ও সৃজনশীলতায় গুরুত্ব দিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১২:৪৪ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
প্রাথমিক শিক্ষায় সাক্ষরতা ও সৃজনশীলতায় গুরুত্ব দিচ্ছে সরকার

প্রাথমিক শিক্ষাকে সময়োপযোগী ও ভবিষ্যৎমুখী করে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, প্রাথমিক শিক্ষার লক্ষ্য শুধু শিশুদের বিদ্যালয়ে নিয়ে আসা নয়, বরং প্রত্যেক শিশুর জন্য মানসম্মত ও কার্যকর শিখন নিশ্চিত করা।

শিক্ষার্থীদের মধ্যে মৌলিক সাক্ষরতা ও সংখ্যাগত দক্ষতা অর্জনের পাশাপাশি সমালোচনামূলক চিন্তা, সৃজনশীলতা এবং ভবিষ্যৎ জীবনের প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

বুধবার প্রতিমন্ত্রীর অফিসকক্ষে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা (গ্লোবাল সিইও) রীনা ঘেলানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন ববি হাজ্জাজ।

সাক্ষাৎকালে প্ল্যান ইন্টারন্যাশনালের সিইও বাংলাদেশের প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রতিমন্ত্রীর নেতৃত্ব ও উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিশুদের মৌলিক দক্ষতা ও সৃজনশীল চিন্তার বিকাশ, মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থীদের মৌলিক সাক্ষরতা ও সংখ্যাগত দক্ষতা অর্জনের পাশাপাশি সমালোচনামূলক চিন্তা, সৃজনশীলতা এবং ভবিষ্যৎ জীবনের প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যেই প্রাথমিক শিক্ষাকে সময়োপযোগী ও ভবিষ্যৎমুখী করে গড়ে তোলার কাজ চলছে।

রীনা ঘেলানি বলেন, শিশুদের প্রারম্ভিক বিকাশ, মানসম্মত শিক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধ প্ল্যান ইন্টারন্যাশনালের অন্যতম অগ্রাধিকার। বাংলাদেশে সংস্থাটির দীর্ঘদিনের কার্যক্রম ও আন্তর্জাতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সরকারের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে চায় তারা। বিশেষ করে শিক্ষা ও উন্নয়নের সুফল প্রান্তিক পর্যায়ের শিশু ও জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে সরকারের সঙ্গে সমন্বিত উদ্যোগ নিতে আগ্রহী সংস্থাটি।

বৈঠকে মেয়েদের মাধ্যমিক পর্যায়ে ঝরে পড়া রোধ, নিরাপদ ও শিশুবান্ধব বিদ্যালয় পরিবেশ নিশ্চিত করা, বিদ্যালয়ে পৃথক স্যানিটেশন ও স্বাস্থ্যসম্মত সুবিধা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠী ও পরিবারকে সক্ষম করে তোলার বিষয়েও আলোচনা হয়। এ সময় প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও স্থানীয় সমস্যা সমাধানের ধারণাকে নীতিনির্ধারণী পর্যায়ে যুক্ত করার উদ্যোগের কথাও তুলে ধরেন।

প্ল্যান ইন্টারন্যাশনালের সিইও জানান, সংস্থাটি বিশ্বের ৮০টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষা, শিশু অধিকার, মেয়েদের ক্ষমতায়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে আরো বৃহৎ পরিসরে কাজ করতে আগ্রহী তারা। সরকারের অগ্রাধিকার অনুযায়ী যৌথ উদ্যোগের সম্ভাব্য ক্ষেত্র, কারিগরি সহযোগিতা এবং দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণের সক্ষমতা নিয়েও বিস্তারিত আলোচনার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস এবং ডিরেক্টর নিশাত সুলতানা উপস্থিত ছিলেন।

পৌরসভায় দ্রুত সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ণ
পৌরসভায় দ্রুত সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রতিমন্ত্রীর

পৌরসভাগুলোতে দ্রুত সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নির্ধারিত সময়ের মধ্যে সৌর প্যানেল স্থাপন করা না হলে সংশ্লিষ্ট পৌরসভার বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আজ বুধবার সকালে এলজিইডি ভবনে পৌরসভার প্রশাসক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে আয়োজিত এক সেমিনারে প্রকৌশলীদের উদ্দেশে এ নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, এরই মধ্যে পৌরসভাগুলোতে সৌর প্যানেল স্থাপনের জন্য অর্থ পাঠানো হয়েছে। এরপরও বেশির ভাগ পৌরসভায় এখনো প্যানেল স্থাপন করা হয়নি।

এ সময় সাংবাদিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘সাংবাদিক বন্ধুরা যদি আমাদের কাটপিস করা বক্তব্য প্রচার করতে থাকেন, তাহলে আমাদের কথা বলাই বন্ধ হয়ে যাবে। জাতি বিভ্রান্ত হবে। তাই আমার অনুরোধ, যেকোনো বক্তব্যের আগে-পেছনের অংশও প্রকাশ করা হোক।’

পৌরসভাগুলোর খাল খনন, বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করাসহ অন্যান্য নাগরিক সেবা যেন মানুষ কোনো ধরনের ভোগান্তি ছাড়াই পান, তা নিশ্চিত করারও নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

ইউরোপে অনিয়মিত অভিবাসন, এক ফ্লাইটে ফিরলেন ৪৪ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ
ইউরোপে অনিয়মিত অভিবাসন, এক ফ্লাইটে ফিরলেন ৪৪ বাংলাদেশি

ইউরোপের বিভিন্ন দেশে অনিয়মিতভাবে প্রবেশের পর আরো ৪৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে গ্রিস থেকে ৪০ জন এবং সাইপ্রাস থেকে চারজন রয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) সকাল সোয়া ৯টায় একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে (এন০৫৫৪২) তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে ফেরত আসা ব্যক্তিদের জরুরি সহায়তা, কাউন্সেলিং এবং নিজ নিজ বাড়িতে পৌঁছানোর জন্য আর্থিক সহায়তা দিয়েছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় এসব সহায়তা দেওয়া হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ডেস্কের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, ফেরত আসা ৪৪ জনকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় বিমানবন্দরে খাবার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কাউন্সেলিং ও প্রশিক্ষণ শেষে তাঁদের অর্থনৈতিক সহায়তা দেওয়া হবে।

শরিফুল হাসান বলেন, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে এত দিন বাংলাদেশিরা শীর্ষে ছিলেন। এ বছরের তথ্য অনুযায়ী, লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিসে প্রবেশের ক্ষেত্রেও বাংলাদেশিরা প্রথম অবস্থানে রয়েছেন। এভাবে ইউরোপে যেতে গিয়ে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে।

তিনি বলেন, ইউরোপ অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে দিন দিন কঠোর হচ্ছে। নতুন অভিবাসন নীতি অনুযায়ী, অনিয়মিত পথে ইউরোপে প্রবেশকারীদের দ্রুত দেশে ফেরত পাঠানো হচ্ছে এবং তাঁদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে। ৩০ থেকে ৪০ লাখ টাকা খরচ করেও শেষ পর্যন্ত কোনো সুফল পাওয়া যাচ্ছে না। অথচ অনেকেই মনে করছেন, যেকোনোভাবে ইউরোপে যেতে পারলেই সব সমস্যার সমাধান হবে। এ ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।

শরিফুল হাসান জানান, এবার ফেরত আসা ব্যক্তিদের মধ্যে এমন একজনও রয়েছেন, যিনি টিকটকে বাংলাদেশ থেকে অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার বিষয়ে অন্যদের উৎসাহিত করেছেন। বিদেশগামীদের আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ এড়িয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে বৈধ পথে বিদেশে যেতে হবে।

এর আগে গত ২৩ অক্টোবর ইতালি ও গ্রিস থেকে আরো ৩৫ বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে ফেরত পাঠানো হয়েছিল বলে জানিয়েছিল ব্র্যাক।

ইউরোপ থেকে নথিপত্রহীন বা অনিয়মিত বাংলাদেশিদের ফেরত আনার বিষয়ে ২০১৭ সালে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ সরকার। এর আওতায় এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ফিরেছেন সাইপ্রাস, ইতালি, রোমানিয়া, ফ্রান্স, গ্রিস ও মাল্টা থেকে।

শরিফুল হাসান জানান, গত কয়েক বছরে ইউরোপ থেকে ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি এসেছেন ইতালি, গ্রিস ও জার্মানি থেকে। দেশে ফেরার পর তাঁদের বিমানবন্দরে জরুরি সহায়তা ও কাউন্সেলিং দেওয়া হয়। পরবর্তী সময়ে অর্থনৈতিক সহায়তার মাধ্যমে তাঁদের ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করা হয়। পাশাপাশি ঝুঁকিপূর্ণ অভিবাসন নিরুৎসাহিত করতে সারা দেশে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

অন্যদিকে, ইউরোপও বৈধ পথে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার উদ্যোগ নিয়েছে।

প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা বাড়াতে ২২ উপজেলায় প্রশিক্ষণ দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা বাড়াতে ২২ উপজেলায় প্রশিক্ষণ দেবে সরকার

প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দেশের ২২টি উপজেলায় ৬৬০ জনকে ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রশিক্ষণ আয়োজনের জন্য মোট ১ কোটি ৩ লাখ ২৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (ফেইজ-২)’ প্রকল্পের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ থেকে এ অর্থ মঞ্জুর করা হয়েছে।

এ বিষয়ে গত ৯ নভেম্বর সমাজসেবা অধিদপ্তরের প্রকল্প কার্যালয় থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার বরাবর চিঠি পাঠানো হয়।

চিঠি অনুযায়ী, ২২টি উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রতিটির অনুকূলে ৪ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি উপজেলায় ৩০ জন করে মোট ৬৬০ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশ নেবেন। প্রশিক্ষণের মেয়াদ হবে ১০ দিন।

বরাদ্দ পাওয়া উপজেলাগুলোর মধ্যে রয়েছে নীলফামারীর জলঢাকা ও সৈয়দপুর, চট্টগ্রামের পটিয়া, রাউজান ও সাতকানিয়া, কক্সবাজার সদর ও রামু, রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদু, নরসিংদীর রায়পুরা ও শিবপুর, ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ, নাটোরের বড়াইগ্রাম ও সিংড়া, পঞ্চগড়ের আটোয়ারী ও তেঁতুলিয়া, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও ঠাকুরগাঁও সদর, সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ এবং সিলেটের গোয়াইনঘাট ও কানাইঘাট।

প্রকল্পটির ২০২৬-২৭ অর্থবছরের এডিপিতে প্রশিক্ষণ খাতে ১৬ কোটি ৬১ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্য থেকে ২২টি উপজেলা সমাজসেবা কার্যালয়ের জন্য ১ কোটি ৩ লাখ ২৯ হাজার টাকা মঞ্জুর করা হয়েছে।

এ প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর ব্যক্তিগত দক্ষতা, যোগাযোগ, দলগত কাজ, সমস্যা সমাধান এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় অন্যান্য সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে তাঁদের পেশাগত সক্ষমতা ও জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।