পাঁচ দিনের সফরে যুক্তরাজ্য গেল সংসদীয় প্রতিনিধিদল
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির নেতৃত্বে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছে সংসদীয় প্রতিনিধিদল। রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁদের বহনকারী ফ্লাইটটি ছেড়ে যায়।
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) ইউকের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে ‘বাংলাদেশ ডেলিগেশন ভিজিট টু ওয়েস্টমিনস্টার’ কর্মসূচিতে অংশ নেবেন প্রতিনিধিদলের সদস্যরা।
জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী এবং সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, মো. মতিয়ার রহমান, আব্দুল্লাহ আল আমিন, সাকিলা ফারজানা, সানসিলা জেবরিন ও মারদিয়া মমতাজ। এ ছাড়া সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদের স্পিকারের একান্ত সচিব এ বি এম রওশন কবীর।
১৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত যুক্তরাজ্য পার্লামেন্টে অনুষ্ঠিতব্য এ সফরে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার, সংসদীয় কমিটি ব্যবস্থা, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং সংসদীয় নজরদারি বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করা হবে।
এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংসদীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।










Disqus comments are not configured yet.