বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ট্রাম্প-পুতিন বৈঠক, আলোচনায় আসতে পারে ইরান-ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
চীনে ট্রাম্প-পুতিন বৈঠক, আলোচনায় আসতে পারে ইরান-ইউক্রেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বৃহস্পতিবার চীনের শেনজেনে একান্ত বৈঠকে বসবেন। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে তাঁদের এ বৈঠক হওয়ার কথা রয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই নিউজের বরাতে সিএনএন এ তথ্য জানিয়েছে।

এদিকে ট্রাম্প, পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের মধ্যে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনাও তৈরি হয়েছে। বৈঠকে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানো, ইরানকে ঘিরে সংঘাত, বৈশ্বিক বাণিজ্য এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হতে পারে। বুধবার শেনজেতে বিশ্বের তিন বড় শক্তির মধ্যে কূটনৈতিক তৎপরতা বেড়েছে। এপেক সম্মেলনে যোগ দিতে ট্রাম্পের পৌঁছানোর আগেই শি চিনপিং ও পুতিন নিজেদের মধ্যে বৈঠক করেন।

বৈঠকে চীন ও রাশিয়ার সম্পর্ক আরো শক্তিশালী করার পাশাপাশি বিশ্বে বহুমেরুভিত্তিক শক্তির ভারসাম্য বজায় রাখার বিষয়ে একমত হন দুই নেতা। আন্তর্জাতিক পরিস্থিতিতে অনিশ্চয়তা বাড়ার মধ্যে তাঁরা এ অবস্থান তুলে ধরেন। শি চিনপিং বলেন, নানা সংকটের মধ্যেও চীন-রাশিয়া সম্পর্ক পাহাড়ের মতো অটল রয়েছে। বিশ্বে স্থিতিশীলতা ও নিশ্চয়তা বাড়াতে দুই দেশকে দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

অন্যদিকে পুতিন বলেন, কঠিন আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও রাশিয়া ও চীনের রাজনৈতিক সহযোগিতা ইতিবাচক ও গঠনমূলকভাবে এগিয়ে যাচ্ছে। আরো ন্যায়সংগত বহুমেরুভিত্তিক বিশ্বব্যবস্থা গড়ে তুলতে দুই দেশ একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

রাশিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বুধবার সকালে নাশতার সময়ও শি ও পুতিনের মধ্যে আলোচনা হয়। এ সময় দুই নেতা দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানো এবং বিশ্বে একাধিক শক্তির প্রভাব প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন।

পুতিন বলেন, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা স্থিতিশীল রয়েছে। অন্যদিকে শি বলেন, বড় শক্তি হিসেবে চীন ও রাশিয়ার আরো বেশি দায়িত্ব পালন করা উচিত। বিশ্বে বহুমেরুভিত্তিক শক্তির ভারসাম্য প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক সম্পর্ককে আরো গণতান্ত্রিক করতে দুই দেশকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন শি। তাঁর মতে, ক্রমেই অস্থির হয়ে ওঠা বিশ্বে চীন-রাশিয়ার সম্পর্ক আরো স্থিতিশীলতা ও নিশ্চয়তা আনছে। সমতা, পারস্পরিক সম্মান এবং উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতার উদাহরণও এই সম্পর্ক।

শেনজেতে পুতিনের কর্মসূচির মধ্যে এপেকের প্রধান নির্বাহীদের সম্মেলনে ব্যবসায়ীদের উদ্দেশে বক্তব্য দেওয়াও ছিল। সেখানে তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা ব্যবহারের সমালোচনা করেন। পুতিন বলেন, অর্থনৈতিক চাপ তৈরির বিভিন্ন হাতিয়ার ধীরে ধীরে কার্যকারিতা হারাচ্ছে। বিশ্ব অর্থনীতি ও ভূরাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে বিভিন্ন দেশ নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বাড়ানোর চেষ্টা করছে।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, এ অঞ্চলের উন্নয়নের ধারা আরো ন্যায়সংগত ও সমতাভিত্তিক বিশ্বব্যবস্থা গড়ে তোলার ভালো উদাহরণ। পুতিনের অভিযোগ, বিশ্ব অর্থনীতিতে একসময় প্রভাবশালী থাকা কিছু দেশ অন্য দেশগুলোর উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এসব পদক্ষেপ ন্যায্য প্রতিযোগিতার পরিপন্থী এবং শেষ পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলোর নিজেদের স্বার্থও ক্ষতিগ্রস্ত করতে পারে।

শুল্ক, রপ্তানিতে বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা এখনো অর্থনৈতিক উন্নয়নে প্রভাব ফেলছে বলে স্বীকার করেন পুতিন। তবে তাঁর মতে, এসব পদক্ষেপ কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি পুরোপুরি থামিয়ে দিতে বা প্রতিদ্বন্দ্বী দেশের অর্থনীতি ধ্বংস করতে পারবে না।

এদিকে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠক থেকে বড় ধরনের সুফল পাওয়ার আশা প্রকাশ করেছেন পুতিন। ম্যানিলায় কর্মসূচি শেষ করে বুধবার শেনজেতে পৌঁছান ট্রাম্প। সেখানে তিনি এপেক সম্মেলন ও অন্যান্য গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে গেছেন। এর আগে ম্যানিলায় আসিয়ানের সম্মেলন এবং কোয়াড নেতাদের বৈঠকে যোগ দেন তিনি।

শেনজেতে পৌঁছানোর পর ট্রাম্পকে স্বাগত জানান শি চিনপিং। এ সময় দুই নেতা একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানান। পরে ট্রাম্পের সঙ্গে থাকা চীনা কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন শি। তাঁদের সঙ্গে ছবিও তোলেন।

এপেকের ৩৩তম সম্মেলনে শি চিনপিং ও চীনের ফার্স্ট লেডি পেং লিয়ুয়ানকে শুভেচ্ছা জানান ট্রাম্প। পরে অন্য নেতাদের সঙ্গে দলীয় ছবিতেও অংশ নেন তিনি।

চীন সফরের আগে ফিলিপাইনের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা দেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ফিলিপাইনের সঙ্গে বাণিজ্য, জাতীয় নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে তাঁর আলোচনা হয়েছে। দেশটির সঙ্গে নতুন ধরনের একটি বাণিজ্য চুক্তি হয়েছে, যা ঐতিহাসিক হবে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের কৃষক ও জ্বালানি খাতের ব্যবসায়ীদের জন্য এটি ভালো ফল বয়ে আনবে বলে দাবি করেন তিনি। ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রেরও প্রশংসা করেন ট্রাম্প। তাঁকে শক্তিশালী নেতা এবং উচ্চ নৈতিকতা ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তি বলে উল্লেখ করেন।

এদিকে বুধবার সন্ধ্যায় শেনজেতে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এপেক সম্মেলনের ফাঁকে দুই নেতার এ বৈঠকে দুই দেশের বাণিজ্য নিয়ে আলোচনা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কার্নি জানান, ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। দুই দেশের মধ্যে পারস্পরিক লাভজনক একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর চলমান আলোচনা নিয়ে তাঁরা কথা বলেছেন।

এ ধরনের চুক্তির মাধ্যমে কর্মসংস্থান বাড়বে, মানুষের জীবনযাত্রার ব্যয় কমবে এবং কানাডার ভাষা, সংস্কৃতি ও সার্বভৌমত্বের প্রতি সম্মান বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন কার্নি। এ বিষয়ে আলোচনা চালিয়ে যেতে এবং নিয়মিত যোগাযোগ রাখতে দুই নেতা সম্মত হয়েছেন বলেও জানান তিনি।

ওয়াশিংটন ও অটোয়ার মধ্যে বাণিজ্য নিয়ে টানাপোড়েনের মধ্যেই এ বৈঠক হলো। দুই দেশই নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে।

এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার ট্রাম্প, পুতিন ও শি চিনপিংয়ের মধ্যে প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এশিয়া সফরে যাওয়ার আগে সম্ভাব্য এ বৈঠকের আলোচ্য বিষয়গুলো জানিয়েছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানো, ইরানকে ঘিরে সংঘাত, বৈশ্বিক বাণিজ্য এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হবে।

এশিয়া সফরের উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানো নিয়ে তাঁরা আলোচনা করবেন। ইরান নিয়েও কথা হবে। ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ যুদ্ধও আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হবে। তাঁর দাবি, ইউক্রেন ও রাশিয়ায় প্রতি মাসে ২৫ হাজার মানুষ প্রাণ হারাচ্ছে। এ ছাড়া অর্থনীতি ও বাণিজ্য নিয়েও আলোচনা করবেন তাঁরা।

সম্ভাব্য বৈঠকে ইউক্রেন যুদ্ধের বিষয়টি অন্তর্ভুক্ত হওয়া বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, ইউক্রেনকে আলোচনায় না রেখেই বিশ্বের বড় শক্তিগুলো দেশটির যুদ্ধ নিয়ে সিদ্ধান্ত নিতে পারে বলে আশঙ্কা রয়েছে কিয়েভের।

পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সময়ে এ বৈঠক হতে যাচ্ছে। কারণ, চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণবিষয়ক ‘নিউ স্টার্ট’ চুক্তির মেয়াদ শেষ হয়েছে। যুক্তরাষ্ট্র চাইছে, পারমাণবিক অস্ত্র কমানোর বৃহত্তর আলোচনায় চীনও অংশ নিক। তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় নিজেদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা অনেক কম—এ যুক্তিতে চীন সরাসরি আলোচনায় বসতে এত দিন অনাগ্রহ দেখিয়েছে।

সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠককে ‘যুগান্তকারী গুরুত্বের’ বলে উল্লেখ করেছে বেইজিং। চীনের মতে, এ বৈঠকের লক্ষ্য বিশ্বশান্তি বজায় রাখা এবং বড় শক্তিগুলোর মধ্যে সম্পর্কের স্থিতিশীলতা বাড়ানো।

ইরানকে ঘিরে সংঘাতের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব নিয়েও তিন নেতার আলোচনা হতে পারে। পাশাপাশি শুল্ক, প্রযুক্তি খাতে বিধিনিষেধ এবং বিশ্বজুড়ে পণ্য সরবরাহব্যবস্থা নিয়ে মতবিরোধও আলোচনায় আসতে পারে।

সব মিলিয়ে এপেক সম্মেলনকে ঘিরে শেনজেতে বড় ধরনের কূটনৈতিক তৎপরতা চলছে। ট্রাম্প-পুতিনের একান্ত বৈঠক এবং শি চিনপিংকে নিয়ে সম্ভাব্য ত্রিপক্ষীয় আলোচনা ঘিরে আন্তর্জাতিক মহলের নজর এখন চীনের এ শহরের দিকে।

 

তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ
তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অন্যের প্রযুক্তি ব্যবহার করে নয়, নিজেদের তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজ পিছিয়ে থাকবে। প্রযুক্তির এই যুগে তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারলে তারা বৈশ্বিক উদ্ভাবনী ক্ষেত্রে বিপ্লব ঘটাতে সক্ষম হবে। যথাযথ সহযোগিতা পেলে তরুণরা আকাশও জয় করতে পারে।

তিনি আরো বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে।

নতুন নতুন ভাবনা নিয়ে দেশের অগ্রযাত্রায় অবদান রাখতে তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে। তরুণদের মেধা কাজে লাগিয়ে বাংলাদেশকে স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে চায় সরকার।

 

রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় ফিরতে চায় ফ্যাসিস্টরা: রিজভী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ
রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় ফিরতে চায় ফ্যাসিস্টরা: রিজভী

রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফ্যাসিস্টরা আবারও ক্ষমতায় ফিরতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, তারা আবারও হত্যার রাজনীতি শুরু করেছে। দেশে নতুন করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালির আগে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ভিন্নমতের দলের নেতাকর্মীদের দমন করা হয়েছে। গুম, খুন ও ক্রসফায়ার ছিল ফ্যাসিস্টদের চরিত্র। এখন তারা রক্তাক্ত লাশের ওপর দিয়ে আবারও ক্ষমতায় ফিরতে চায়।

শিক্ষাপ্রতিষ্ঠানে সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, পাঠ্যসূচিতে একটি দল ও তার নেতার ইতিহাসই শুধু স্থান পেয়েছিল। অন্য নেতাদের ছোট করে দেখানো হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও খাটো করা হয়েছিল। সত্য ইতিহাস আড়াল করে মিথ্যা ইতিহাস তুলে ধরা হয়েছিল।

নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, সাম্প্রতিক ঘটনাগুলো বিবেচনায় নিয়ে দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে নিরাপত্তা তল্লাশি জোরদার, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক টহল বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে তল্লাশি জোরদার করতেও বলা হয়েছে।