সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় বেসামরিক মৃত্যু ঠেকাতে ব্যর্থ নেতানিয়াহু, হতাশ বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৫৩ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
গাজায় বেসামরিক মৃত্যু ঠেকাতে ব্যর্থ নেতানিয়াহু, হতাশ বাইডেন

গাজায় বেসামরিক মানুষের প্রাণহানি কমানোর প্রতিশ্রুতি দিয়েও তা বারবার ভঙ্গ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। নিজের প্রকাশিতব্য স্মৃতিকথায় তিনি লিখেছেন, নেতানিয়াহু বারবার আশ্বাস দিলেও ইসরায়েলি সামরিক অভিযানে বেসামরিক মানুষের মৃত্যু থামেনি।

‘প্রমিস মি, আমেরিকা’ শীর্ষক স্মৃতিকথায় ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং নেতানিয়াহুর সঙ্গে নিজের কথোপকথনের অভিজ্ঞতা তুলে ধরেছেন বাইডেন। শুক্রবার (১৩ নভেম্বর) সিএনএনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে বইটির কিছু অংশ প্রকাশিত হয়েছে। স্মৃতিকথাটি আগামী ১৭ নভেম্বর প্রকাশের কথা রয়েছে।

বাইডেনের ভাষ্য, হামাসের হামলার পর তিনি নেতানিয়াহুকে একাধিকবার ফোন করেছিলেন। ওই হামলার পুনরাবৃত্তি ঠেকাতে যুক্তরাষ্ট্র কাজ করছে বলেও তাঁকে আশ্বস্ত করেছিলেন। একই সঙ্গে ইসরায়েলি অভিযানে আটকে পড়া বেসামরিক মানুষদের সুরক্ষায় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান তিনি।

বাইডেন লিখেছেন, বেসামরিক মানুষের প্রাণহানি বাড়তে থাকায় ইসরায়েলের আন্তর্জাতিক ভাবমূর্তি এবং যুক্তরাষ্ট্রের সমর্থন ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নেতানিয়াহু বুঝতে পেরেছিলেন। এ বিষয়ে সতর্ক হওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। কিন্তু প্রতিবারই নতুন করে হামলা চালানো হতো এবং তাতে আরো বেসামরিক মানুষ নিহত হতেন। এ বিষয়ে প্রশ্ন তুললে ইসরায়েলি পক্ষ নানা ব্যাখ্যা দিত।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, নেতানিয়াহু প্রচণ্ড চাপের মধ্যে ছিলেন, তা তিনি বুঝতেন। তবে নিজের স্বল্পমেয়াদি রাজনৈতিক স্বার্থের বাইরে গিয়ে ইসরায়েলের দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনা করতে নেতানিয়াহুর অনিচ্ছা তাঁকে হতাশ করেছিল।

স্মৃতিকথায় দুই নেতার মধ্যকার আস্থার সংকটের কথাও উল্লেখ করেছেন বাইডেন। তাঁর মতে, নেতানিয়াহুর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ থাকলেও তাঁদের মধ্যে তেমন বিশ্বাস ছিল না। নেতানিয়াহুর কিছু আচরণ ও সিদ্ধান্ত নেওয়ার ধরন নিয়েও তিনি উদ্বিগ্ন ছিলেন।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তরের (ওসিএইচএ) উদ্ধৃত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, সংঘাতে প্রায় ৭৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এ ছাড়া ইসরায়েলি সামরিক অভিযানে গাজার ব্যাপক অবকাঠামো ধ্বংস হয়েছে এবং বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

‘তোমাদের নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে হবে’-শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ
‘তোমাদের নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে হবে’-শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতির সময় সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। আমরা স্কুল-কলেজগুলোতে ভোকেশনাল শিক্ষা চালু করছি। নবম শ্রেণি থেকে বাধ্যতামূলকভাবে ভোকেশনাল শিক্ষা নিতে হবে।’

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টসেও তোমাদের অংশগ্রহণ থাকতে হবে। সেখানে ছয়-সাতটি খেলা থাকবে। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী খেলা বেছে নিতে পারবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে।’

শিক্ষার্থীদের বহুভাষায় দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, মাতৃভাষার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে আরও একটি ভাষা শিখতে হবে। এ জন্য ছয়-সাতটি ভাষার মধ্য থেকে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে। এসব ভাষার মধ্যে ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ বিভিন্ন ভাষা অন্তর্ভুক্ত থাকবে।

ঢাকাকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারেক রহমান। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, খেলাধুলা এবং প্রাণী ও জীবজন্তুর প্রতি যত্নশীল হওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণে উৎসাহিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের আপনজনদের জন্মদিনে তাদের গাছ উপহার দেবে। বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ভালো হবে। ভাবতে পারো, পরিবেশ ভালো হলে আমার কী লাভ? লাভ আমাদের সবার।’

প্রধানমন্ত্রী আরও বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। তাই প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি দায়িত্বশীল হতে হবে। পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জন, খেলাধুলা, ভাষা শিক্ষা ও সামাজিক দায়িত্ব পালনের মানসিকতা গড়ে তুলতে হবে। এসব গুণের সমন্বয়েই শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।

এদিন সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের (ঢাকা-১) মাধ্যমে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৩ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন এবং সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন। এ ছাড়া রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের নয়জন শিক্ষার্থীও এ কার্যক্রমে অংশ নেন।

সংসদ ভবন পরিদর্শনের অংশ হিসেবে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন, লাইব্রেরি পরিদর্শন করেন এবং সংসদের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে হোসেনপুরে বিএনপির মিছিল

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে হোসেনপুরে বিএনপির মিছিল

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে পৌর বিএনপি। সোমবার পৌর শহরে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে পৌর শহরের প্রধান প্রধান সড়কে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

মিছিলে হোসেনপুর পৌর বিএনপির সভাপতি এ কে এম শফিকুল হক শফিক, সাধারণ সম্পাদক মানছুরুল হক রবিন এবং পৌর ছাত্রদলের সদস্যসচিব মো. রিমন মিয়াসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে গেলেও দেশে-বিদেশে অবস্থান করে দেশকে অস্থিতিশীল করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের দোসররা গোপনে নাশকতা, গুজব ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র প্রতিহত করবেন।

বক্তারা আরও বলেন, দেশের গণতন্ত্র, শান্তি-শৃঙ্খলা ও জনগণের ভোটাধিকার রক্ষায় বিএনপি সব সময় রাজপথে ছিল, আছে এবং থাকবে। কোনো ফ্যাসিস্ট শক্তিকে এ দেশের মাটিতে আবার মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। দেশের বিরুদ্ধে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো চেষ্টা করা হলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

এ সময় বক্তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি আগামী দিনের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা দেন।

প্রতিবাদ কর্মসূচিতে পৌর বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আয়োজকদের দাবি, কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

ভৈরবে পায়ের উরুতে লুকানো ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৫:২৫ অপরাহ্ণ
ভৈরবে পায়ের উরুতে লুকানো ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ ছায়ফুল খান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১৬ নভেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে শহরের সৈয়দ নজরুল ইসলাম সেতু-সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছায়ফুল খান ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের ফরিদ খানের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১টার দিকে সৈয়দ নজরুল ইসলাম সেতু-সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা এক যুবককে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর পায়ের উরুতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাঁকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নেওয়া হয়।

পরিদর্শক চন্দন গোপাল সুর আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার ছায়ফুল খানের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।