ট্রাম্পসহ মার্কিন নেতাদের হত্যার পরিকল্পনা, পাকিস্তানির কারাদণ্ড
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ দেশটির কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যার পরিকল্পনার দায়ে পাকিস্তানি নাগরিক আসিফ মার্চেন্টকে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) হয়ে তিনি এই হত্যার পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ প্রমাণিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানায়, ৪৮ বছর বয়সী আসিফ মার্চেন্টকে ৩৩০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২৬ সালের মার্চে একটি ফেডারেল জুরি বোর্ড তাঁকে দোষী সাব্যস্ত করেন। আন্তর্জাতিক সীমানা পেরিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা এবং অর্থের বিনিময়ে হত্যার পরিকল্পনার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ রায় দেওয়া হয়। ব্রুকলিনের ফেডারেল আদালতের জেলা বিচারক এরিক আর কমিটি এ সাজা ঘোষণা করেন।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্য অনুযায়ী, মার্চেন্ট ইরানের আইআরজিসির প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য ছিলেন। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেন, ট্রাম্পকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নে ইরানের হয়ে কাজ করা মার্চেন্টকে যথাযথ সাজা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের নেতাদের বিরুদ্ধে বিদেশি কোনো সন্ত্রাসী গোষ্ঠীর এমন পরিকল্পনা মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি।
বিচার বিভাগের তথ্য অনুযায়ী, মার্চেন্ট নিজেই আইআরজিসিতে যোগ দিয়েছিলেন। পরে তিনি গোয়েন্দা কার্যক্রমের প্রশিক্ষণ নেন। এরপর যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি কর্মকর্তাদের হত্যার জন্য ভাড়াটে খুনি খোঁজা এবং তাদের অর্থ দেওয়ার দায়িত্ব পান।
মার্চেন্টের বিশ্বাস ছিল, এই পরিকল্পনার প্রধান লক্ষ্য ছিলেন ট্রাম্প। তবে সম্ভাব্য লক্ষ্য হিসেবে আরও কয়েকজনের নাম উল্লেখ করেছিলেন তিনি। তাঁদের মধ্যে ছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি। সে সময় তাঁরা সবাই প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ছিলেন।
২০২০ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানের আইআরজিসির সাবেক প্রধান কাসেম সোলাইমানি নিহত হন। তাঁর মৃত্যুর প্রতিশোধ নিতেই এই হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের জাতীয় নিরাপত্তা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান উপসহকারী অ্যাটর্নি জেনারেল এম স্কট প্রক্টর বলেন, সোলাইমানির মৃত্যুর প্রতিশোধ নিতে আইআরজিসি মার্চেন্টকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিল। তবে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত ও আইনি পদক্ষেপের কারণে পরিকল্পনাটি ব্যর্থ হয়। তাঁর মতে, মার্চেন্টের এই কঠোর সাজা অন্যদের জন্য সতর্কবার্তা।
বিচার বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সালের দিকে আইআরজিসির সঙ্গে যুক্ত হন মার্চেন্ট। ধর্মীয় তীর্থযাত্রার কথা বলে তিনি ইরানে যাতায়াত শুরু করেন। এক আত্মীয়ের মাধ্যমে আইআরজিসির কর্মকর্তা ইউসেফ মেরহারদাদের সঙ্গে তাঁর পরিচয় হয়।
২০২৩ সালের দিকে ইরানের রাজধানী তেহরানে ওই কর্মকর্তার সঙ্গে দেখা করতে শুরু করেন মার্চেন্ট। পরবর্তী দেড় বছরে তাঁদের মধ্যে প্রায় ১৫ বার বৈঠক হয়। এসব বৈঠকে তাঁকে গোয়েন্দা কার্যক্রম ও পাল্টা গোয়েন্দা তৎপরতার প্রশিক্ষণ দেওয়া হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা করার নির্দেশ দেওয়া হয়।
বিশেষ করে যুক্তরাষ্ট্রের কোনো রাজনৈতিক সমাবেশে হামলা চালানোর জন্য অপরাধী বা মাফিয়া চক্রের সদস্যদের ভাড়া করতে বলা হয়েছিল তাঁকে। আদালতে সাক্ষ্য দেওয়ার সময় মার্চেন্ট স্বীকার করেন, তিনি মনে করতেন, এই পরিকল্পনার প্রধান লক্ষ্য ছিলেন ট্রাম্প।
২০২৪ সালের এপ্রিলের দিকে ইরানে এক সপ্তাহ কাটিয়ে যুক্তরাষ্ট্রে ফেরেন মার্চেন্ট। এরপর পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেন। প্রথমে এ কাজে সহায়তা চেয়ে নিজের এক পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। তবে ওই ব্যক্তি বিষয়টি এফবিআইকে জানিয়ে দেন এবং পরে সংস্থাটির তথ্যদাতা হিসেবে কাজ করেন।
বিচার চলাকালে আদালতে একটি ভিডিও উপস্থাপন করা হয়। এতে দেখা যায়, মার্চেন্ট ওই তথ্যদাতার কাছে হত্যার পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরছেন। একটি রাজনৈতিক সমাবেশে কীভাবে একজন রাজনীতিবিদকে হত্যা করা হবে, তার ছকও আঁকছেন তিনি।
এরপর মার্চেন্ট কয়েকজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন, যাঁদের তিনি ভাড়াটে খুনি মনে করেছিলেন। কিন্তু তাঁরা আসলে এফবিআইয়ের ছদ্মবেশী এজেন্ট ছিলেন। ওই এজেন্টদের সঙ্গে তিনবার বৈঠক করেন মার্চেন্ট। সেখানে তিনি জানান, বিদেশে থাকা কয়েকজনের হয়ে কাজ করছেন এবং একজন রাজনীতিবিদকে হত্যার জন্য তাঁদের ভাড়া করতে চান।
পরিকল্পনা বাস্তবায়নের প্রাথমিক খরচ হিসেবে তাঁদের ৫ হাজার ডলার দেন মার্চেন্ট। বিদেশে থাকা তাঁর আত্মীয়দের সহায়তায় এই অর্থ সংগ্রহ করা হয়েছিল। ২০২৬ সালের ১২ জুলাই টেক্সাসের রিচমন্ড শহরে তাঁকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার জন্য বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার ঠিক আগে তাঁকে আটক করা হয়।
তদন্তকারীরা মার্চেন্টের ল্যাপটপ, মুঠোফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহ করেন। এসব তথ্য থেকে দেখা যায়, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন এবং ট্রাম্পের ওপর তাঁর বিশেষ নজর ছিল। আদালতে উপস্থাপিত তথ্যপ্রমাণের মধ্যে ছিল নির্বাচনী প্রচার সমাবেশ নিয়ে ইন্টারনেটে তাঁর বিভিন্ন অনুসন্ধান। নিউ জার্সিতে ট্রাম্পের একটি সমাবেশ কোথায় হবে, তা জানতে গুগল ম্যাপেও অনুসন্ধান করেছিলেন তিনি।
মার্চেন্টের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে কাসেম সোলাইমানির প্রশংসা করে বিভিন্ন পোস্ট পাওয়া যায়। একই সঙ্গে ট্রাম্প ও যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে দেওয়া পোস্টও ছিল।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পূর্বাঞ্চলীয় জেলার অ্যাটর্নি জোসেফ নোসেলা জুনিয়র বলেন, এই সাজার ফলে মার্চেন্ট আর কখনো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করতে পারবেন না। ইরান ও তাদের সহযোগী গোষ্ঠীগুলোর উচিত এ ঘটনাকে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতার উদাহরণ হিসেবে দেখা।
এফবিআইয়ের নিউইয়র্ক কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক জেমস সি বার্নাকল জুনিয়র বলেন, মার্চেন্টের এই সাজা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এফবিআইয়ের প্রচেষ্টার সাফল্য। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করেছিলেন মার্চেন্ট। এই সাজা প্রমাণ করে, সহিংসতা বা ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
মামলাটির বিচারকাজ পরিচালনা করেন নিউইয়র্কের পূর্বাঞ্চলীয় জেলার সহকারী মার্কিন অ্যাটর্নি সারা কে উইনিক, নিনা সি গুপ্তা ও গিলবার্ট এম রেইন। তাঁদের সহায়তা করেন বিচার বিভাগের জাতীয় নিরাপত্তা বিভাগের সন্ত্রাসবাদবিরোধী শাখার কর্মীরা।













Disqus comments are not configured yet.