রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৫:২০ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
শিক্ষকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পাঠদান পদ্ধতির উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে কিশোরগঞ্জের বাজিতপুরে ডা. মেহেরুল হুদা ইনক্লুসিভ ইন্টারন্যাশনাল একাডেমিতে তিন দিনব্যাপী ইন-হাউজ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) একাডেমির বিলপাড়-ডুয়াইগাঁও ক্যাম্পাসে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।

কর্মশালায় শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক ও শিক্ষার্থীবান্ধব পাঠদান পদ্ধতি অনুসরণ এবং শ্রেণিকক্ষে কার্যকর শিক্ষার পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা সমৃদ্ধ করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার সুযোগ তৈরির প্রত্যাশা করা হচ্ছে।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খানের উপস্থিতি কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষক ও সংশ্লিষ্টদের উৎসাহিত করে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নের গুরুত্বও এ আয়োজনের মধ্য দিয়ে উঠে আসে।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে শিক্ষকদের পেশাগত উৎকর্ষ সাধন এবং শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর ও মানসম্মত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।

 

নৈরাজ্যের প্রতিবাদে করিমগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
নৈরাজ্যের প্রতিবাদে করিমগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কিশোরগঞ্জের করিমগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (২২ নভেম্বর) বিকেলে করিমগঞ্জ কলেজ মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা কলেজ মোড়ে সমবেত হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আনন্দ বাজার ও নয়াকান্দি মোড়সহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

মিছিলের আগে কলেজ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানান।

কর্মসূচিতে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক ও করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন (ভিপি সুমন)। এতে উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মানুষের প্রত্যাশা অনুযায়ী শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা জরুরি।

তাঁরা আরও বলেন, দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি ঐক্যবদ্ধ ও প্রস্তুত রয়েছে। একই সঙ্গে নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতাকর্মীরা।

১৮ কোটি টাকা দানে পাগলা মসজিদের তহবিল দেড়শ কোটি ছাড়াল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৫:২০ অপরাহ্ণ
১৮ কোটি টাকা দানে পাগলা মসজিদের তহবিল দেড়শ কোটি ছাড়াল

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের তহবিলে জমার পরিমাণ দেড়শ কোটি টাকা ছাড়িয়েছে। সর্বশেষ দানবাক্সে পাওয়া রেকর্ড ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা জমা হওয়ার পর মসজিদের ব্যাংক হিসাবে মোট জমার পরিমাণ দাঁড়িয়েছে ১৫১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ৮১ টাকা।

শনিবার (২১ নভেম্বর) সকালে চার মাস ২৪ দিন পর মসজিদের ১০টি লোহার দানসিন্দুক ও দানবাক্স হিসেবে ব্যবহৃত পাঁচটি ট্রাঙ্ক খোলা হয়। সেখান থেকে পাওয়া ৫১ বস্তা টাকা গণনা শেষে রাত সাড়ে ১০টার দিকে এ হিসাব পাওয়া যায়।

এর আগে সর্বশেষ গত ২৭ জুন পাগলা মসজিদের দানসিন্দুক খোলা হয়েছিল। তখন পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। অর্থাৎ আগেরবারের তুলনায় এবার দানের পরিমাণ বেড়েছে ২ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ৩৭১ টাকা।

শনিবার সকাল ৭টার দিকে দানসিন্দুক ও ট্রাঙ্ক খোলার কার্যক্রম শুরু হয়। পরে সেগুলো থেকে টাকা বের করে বস্তায় ভরা হয়। সকাল ৯টার দিকে মসজিদ কমপ্লেক্সের দোতলায় টাকা গণনা শুরু করেন মাদরাসার শিক্ষার্থী, ব্যাংক কর্মকর্তা-কর্মচারী, মসজিদের কর্মচারী ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। নিরাপত্তার দায়িত্বে ছিলেন পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা। পুরো কার্যক্রম তদারকি করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পাগলা মসজিদের দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ জানান, প্রথম ধাপে গণনা করা ১০ কোটি টাকা বেলা সাড়ে ১২টার দিকে রূপালী ব্যাংকের সেভিংস হিসাবে জমা করা হয়। পরে দ্বিতীয় ধাপের গণনা শেষে পাওয়া যায় আরও ৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। দুই ধাপে মোট দানের পরিমাণ দাঁড়ায় ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা।

এর আগে শনিবার সকালে জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন জানিয়েছিলেন, মসজিদের ব্যাংক হিসাবে জমা ছিল ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা। নতুন পাওয়া দানের অর্থ যোগ করে মোট জমার পরিমাণ দাঁড়িয়েছে ১৫১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ৮১ টাকা।

দানসিন্দুকগুলোতে শুধু দেশি-বিদেশি মুদ্রা নয়, পাওয়া গেছে বিপুল পরিমাণ স্বর্ণ, রূপা ও হীরার অলংকার। এর মধ্যে রয়েছে শত ভরির বেশি স্বর্ণালংকার। এবার প্রথমবারের মতো পাওয়া গেছে সোনার চামচ ও সোনার বাটি। এ ছাড়া দিনার, ইউরো ও ডলারসহ বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা এবং মানতকারীদের ইচ্ছাপূরণের হাজারো চিঠিও পাওয়া গেছে।

জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, দানবাক্স থেকে পাওয়া টাকা গণনা শেষে মসজিদের ব্যাংক হিসাবে জমা রাখা হয়। স্বর্ণ, রূপা ও বৈদেশিক মুদ্রা সিলগালা করে জেলা ট্রেজারিতে সংরক্ষণ করা হয়।

তিনি আরও জানান, গত ১২ অক্টোবর দীর্ঘ ছয় বছর পর ট্রেজারিতে সংরক্ষিত স্বর্ণ, রূপা ও বৈদেশিক মুদ্রার সিলগালা খুলে গণনা করা হয়। তখন ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রূপা এবং ১৭টি দেশের বিভিন্ন পরিমাণ বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। এসব বৈদেশিক মুদ্রা নগদায়ন করে ৬৫ লাখ ৬২ হাজার ৭২৬ টাকা পাওয়া গেছে। স্বর্ণ ও রূপার নিলাম কার্যক্রম চলমান রয়েছে।

পাগলা মসজিদের দানের অর্থ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়। মসজিদ কমপ্লেক্সের মাদরাসায় অধ্যয়নরত এতিম ও অসহায় শিক্ষার্থীদের পড়াশোনা, থাকা-খাওয়াসহ যাবতীয় ব্যয় এ তহবিল থেকে বহন করা হয়। এ মাদরাসা থেকে এ পর্যন্ত ২৫৩ জন শিক্ষার্থী পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেছেন। এ ছাড়া জমাকৃত অর্থের লভ্যাংশ থেকে কিশোরগঞ্জ জেলার দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য অনুদান দেওয়া হয়। মসজিদের কর্মচারী ও আনসার সদস্যদের বেতন, বিদ্যুৎ বিল এবং উন্নয়নকাজেও এ তহবিল থেকে অর্থ ব্যয় করা হয়।

এদিকে পাগলা মসজিদে দ্রুত আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, প্রতি শুক্রবার দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মুসল্লি এ মসজিদে নামাজ আদায় ও দান করতে আসেন। মুসল্লির সংখ্যা বেশি হওয়ায় অনেক সময় মসজিদের ভেতরে জায়গা সংকুলান হয় না। ফলে খোলা আকাশের নিচে, এমনকি রাস্তায় দাঁড়িয়েও নামাজ আদায় করতে হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত আধুনিক ইসলামিক কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু করা প্রয়োজন বলে মনে করছেন তাঁরা।

উল্লেখ্য, নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ টাকা-পয়সা, স্বর্ণালংকারসহ নানা সামগ্রী দান করেন। টাকা ও স্বর্ণালংকার দানসিন্দুকে জমা দেওয়া হয়। অন্যদিকে গরু-ছাগল, হাঁস-মুরগি, ফলমূল ও পবিত্র কোরআন শরিফসহ অন্যান্য সামগ্রী নিলামঘরে জমা দিতে হয়। ভক্ত ও দর্শনার্থীদের বিশ্বাস, এখানে দান করলে তাঁদের মনের আশা পূরণ হয়। এ বিশ্বাস থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ মসজিদটিতে দান করতে আসেন।

বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্টে অধিনায়ক মার্করাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ
বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্টে অধিনায়ক মার্করাম

বাংলাদেশের বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে চোট পেয়ে সিরিজের শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তাঁর পরিবর্তে সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। আর বাভুমার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন টনি ডি জর্জি।

এ ছাড়া আরও একটি পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের শেষ টেস্টের জন্য ঘোষিত একাদশ থেকে বাদ পড়েছেন পেসার ডেন প্যাটারসন। তাঁর পরিবর্তে দলে জায়গা পেয়েছেন আনরিখ নর্কিয়া।

জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় ডান পায়ের কাফের পেশিতে চোট পান বাভুমা। ৪৯ রানে থাকতে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। পরে আবার ব্যাটিংয়ে নেমে ৬৮ রানে অপরাজিত থাকেন তিনি। দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জোহানেসবার্গ টেস্ট জিতে নেওয়ায় দ্বিতীয় ইনিংসে আর ব্যাটিং করতে হয়নি তাঁকে।

বাঁহাতি ব্যাটার টনি ডি জর্জি সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের নভেম্বরে ভারত সফরে। অন্যদিকে, ফাস্ট বোলার নর্কিয়া গত অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে তিন বছর পর টেস্ট দলে ফিরেছিলেন। তবে দুটি টেস্ট খেলার পর আবারও চোটে পড়েন তিনি। চোট থেকে পুরোপুরি সেরে ওঠায় বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ দিয়ে দলে ফিরেছেন এই পেসার।

চোটের কারণে হাসান মাহমুদ ও মুশফিকুর রহিম ছিটকে পড়ায় সফরকারী বাংলাদেশের একাদশেও একাধিক পরিবর্তন আসতে পারে।

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) দুপুর ২টায় শুরু হবে সিরিজের শেষ টেস্ট। এই মাঠে এর আগে একটি টেস্ট খেলেছে বাংলাদেশ। ২০০৮ সালে অনুষ্ঠিত সেই ম্যাচে মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন দল ইনিংস ব্যবধানে হেরেছিল।

দক্ষিণ আফ্রিকার একাদশ: মার্কেস অ্যাকারম্যান, এইডেন মার্করাম (অধিনায়ক), রায়ান রিকেলটন (উইকেটকিপার), জুবায়ের হামজা, টনি ডি জর্জি, ম্যাথু ব্রিটজকে, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হার্মার, কাগিসো রাবাদা ও আনরিখ নর্কিয়া।