ভৈরবে বাড়ির পাশে গাঁজা গাছ চাষ, ছয় মাস পর গ্রেপ্তার হেলাল
কিশোরগঞ্জের ভৈরবে বসতবাড়ির পাশে গাঁজার গাছ লাগিয়ে ছয় মাস ধরে পরিচর্যা করার অভিযোগে হেলাল মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ বিশেষ অভিযানে তাঁর বাড়ির পাশ থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি গাঁজার গাছ জব্দ করা হয়।
ভৈরব উপজেলার কালীপুর পূর্বকান্দা বাদশা বিল এলাকায় মৃত লায়েছ মিয়ার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত হেলাল মিয়া নিজের সেবন ও বিক্রির উদ্দেশ্যে গাঁজার গাছটি লাগিয়েছিলেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
অভিযানের নেতৃত্ব দেন ভৈরবের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের পাশাপাশি আনসার সদস্যরাও উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে বাদশা বিল এলাকায় হেলাল মিয়ার বসতবাড়িতে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে বাড়ির পাশে প্রায় ১০ ফুট লম্বা, ডালপালাসমৃদ্ধ একটি গাঁজার গাছ দেখতে পান অভিযান পরিচালনাকারীরা। গাছটি লাগানোর কথা স্বীকার করায় হেলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর এ তথ্য নিশ্চিত করে বলেন, হেলাল মিয়ার বাড়ির পাশে প্রায় ১০ ফুট লম্বা একটি গাঁজার গাছ পাওয়া গেছে। তিনি দীর্ঘদিন ধরে গাঁজা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত বলে জানা গেছে। গাঁজা সেবন ও বিক্রির উদ্দেশ্যেই গাছটি লাগিয়েছিলেন বলে তিনি স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় হেলাল মিয়ার বিরুদ্ধে ভৈরব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই কর্মকর্তা।










Disqus comments are not configured yet.