নিকলীতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় নভেম্বর মাসের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শেখ ওবাইদুল হক সম্রাট, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম, নিকলী থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ, বিভিন্ন জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় শিক্ষক, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন স্থানীয় সমস্যা নিয়ে আলোচনা হয়। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় নিকলী থানা পুলিশকে ধন্যবাদ জানান সভায় উপস্থিত সদস্যরা। পুলিশের কার্যক্রমের ওপর সন্তোষ প্রকাশ করেন বক্তারা।
সভায় হাওরের ফসলি জমির মাটি কাটা, হাওরের সড়কে অতিরিক্ত ওজনের মাটি বহনকারী যানবাহন চলাচলের কারণে গ্রামীণ অবকাঠামোর ক্ষতিসাধন, চলমান উন্নয়ন কর্মকাণ্ড যথাসময়ে সম্পন্ন না হওয়া এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্য নিরসনসহ নানা সমস্যা তুলে ধরা হয়। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন সভায় উপস্থিত সদস্যরা।
এ ছাড়া উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়নের চেয়ারম্যান ৫ আগস্টের পর থেকে মামলা-সংক্রান্ত কারণে পলাতক থাকায় ওই ইউনিয়নগুলো থেকে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় কোনো প্রতিনিধি উপস্থিত থাকছেন না বলে আলোচনা হয়। ফলে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর বিভিন্ন সমস্যা ও পরিস্থিতির তথ্য যথাসময়ে প্রশাসনের কাছে উপস্থাপন করা সম্ভব হচ্ছে না বলে সভায় উল্লেখ করা হয়।
সভায় উপস্থিত সদস্যদের বক্তব্য ও উত্থাপিত বিভিন্ন বিষয় নিয়ে সমাপনী বক্তব্য দেন সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভার সমাপ্তি ঘটে।










Disqus comments are not configured yet.