প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী বলেন, নিজস্ব উৎপাদনের মাধ্যমে পুষ্টির জোগান নিশ্চিত করে সেই উৎপাদনকে শিল্পে রূপান্তর করা গেলে স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা কঠিন নয়। এ জন্য প্রয়োজন সদিচ্ছা, সুষ্ঠু পরিকল্পনা ও যথাযথ বাস্তবায়ন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেধাবী জাতি গঠনে পুষ্টির গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পুষ্টিগতভাবে শক্তিশালী প্রজন্মের শেখার সক্ষমতা, কর্মদক্ষতা ও উদ্ভাবনী শক্তি বেশি বিকশিত হয়। মেধাসমৃদ্ধ জাতি গঠনের অন্যতম পূর্বশর্ত প্রাণিজ আমিষ। বর্তমানে দেশের মানুষের প্রাণিজ আমিষ গ্রহণের ৫৬ শতাংশ আসে দুধ, মাংস ও ডিম থেকে। ফলে প্রাণিজ আমিষের উৎপাদন শুধু খাদ্যনিরাপত্তার বিষয় নয়, এর সঙ্গে অর্থনৈতিক স্বাবলম্বিতাও জড়িত।
প্রাণিসম্পদ খাতের অর্থনৈতিক অবদান তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, চলতি অর্থবছরে স্থির মূল্যে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। কৃষিজ জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।
তিনি জানান, ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে প্রাণিসম্পদ খাত থেকে ১০ লাখ ৪৬ হাজার ৪০০ মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে। এ খাতের বিকাশে প্রয়োজনীয় নীতি ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
রপ্তানি বাজার সম্প্রসারণের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বল্প মেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত ও উপজাত পণ্য এবং অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে। দীর্ঘ মেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত ও পোলট্রি পণ্যের রপ্তানিতেও বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম বা ‘হ্যাচিং এগ’ রপ্তানি করেছে উল্লেখ করে তিনি বিদেশে প্রাণিজ পণ্যের নতুন বাজার অনুসন্ধানের ওপর গুরুত্ব দেন।
দেশের পোলট্রি শিল্পের অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, বর্তমানে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোলট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। এ শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ জড়িত, যাঁদের ৪০ শতাংশই নারী। খাতটিতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।
প্রধানমন্ত্রী আরও জানান, দেশের প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি জীবিকা নির্বাহের জন্য পশুপালন করেন। তাঁদের দোরগোড়ায় গবাদিপশুর চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বর্তমানে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে পশুর ১৭টি রোগের টিকা উৎপাদন করা হচ্ছে। টিকার উৎপাদন সক্ষমতা বাড়াতে আধুনিক ভ্যাকসিন উৎপাদনকেন্দ্র স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে।
মহিষ পালনের সম্ভাবনা কাজে লাগাতে উপকূলীয় অঞ্চল, সিলেট ও সুনামগঞ্জের হাওর এলাকায় বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। উপকূলীয় অঞ্চলে জেগে ওঠা নতুন চর ও সরকারি খাসজমি সমবায়ভিত্তিক বন্দোবস্তের মাধ্যমে খামারিদের বরাদ্দ দেওয়ার বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি।
প্রাণিসম্পদের উন্নয়নের পাশাপাশি পশুপাখির অধিকার ও কল্যাণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রাণীকে ক্ষুধা, তৃষ্ণা, অস্বস্তি, আঘাত, রোগ, ভয় ও মানসিক যন্ত্রণা থেকে মুক্ত রাখার পাশাপাশি স্বাভাবিক আচরণের স্বাধীনতা নিশ্চিত করা মানুষের মানবিক দায়িত্ব।
খামারিদের প্রাণিসম্পদ খাতের মূল চালিকাশক্তি অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য ও প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
অনুষ্ঠানে জাতীয় প্রাণিসম্পদ পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের অর্জন দেশের লাখো উদ্যোক্তা, গবেষক ও এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুপ্রাণিত করবে।
বিশ্ববাজারে বাংলাদেশের প্রাণিজ পণ্যের প্রবেশ নিশ্চিত করতে খাদ্যনিরাপত্তা ও আন্তর্জাতিক কোয়ারেন্টাইনের মান কঠোরভাবে অনুসরণের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে সরকার আন্তর্জাতিক মানের আধুনিক প্রাণিজ পণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও রোগমুক্ত অঞ্চল গড়ে তুলছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দেশের খামারি, উদ্যোক্তা ও গবেষকদের মেধা ও শ্রম কাজে লাগিয়ে বাংলাদেশ বৈশ্বিক প্রাণিসম্পদ বাজারে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে প্রাণিসম্পদ খাত হয়ে উঠবে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস।










Disqus comments are not configured yet.