বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ২:৩৬ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
 ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোজাহিদুল কবির (শিহাব)।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানছুরুল হক রবিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহসানুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাদেকুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা আলিমুল রাজী, ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন হোসেনপুর উপজেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান সৌরভ এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক রাজিব আহম্মদ।

এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় খামারি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের সার্বিক উন্নয়নে আধুনিক খামার ব্যবস্থাপনা ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন নিশ্চিত করার পাশাপাশি প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ ও রপ্তানিমুখী করে গড়ে তুলতে হবে। এ জন্য খামারিদের দক্ষতা উন্নয়ন ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করাও জরুরি।

ভৈরবে প্রতিমন্ত্রী শরীফুল আলমের বক্তব্যে আগুন সন্ত্রাসের প্রসঙ্গ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
ভৈরবে প্রতিমন্ত্রী শরীফুল আলমের বক্তব্যে আগুন সন্ত্রাসের প্রসঙ্গ

সংগ্রহীত ছবি

চব্বিশের আন্দোলনে পরাজিত শক্তি আবারও দেশের উন্নয়ন ব্যাহত করতে আগুন সন্ত্রাস শুরু করেছে বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেন, গত ১৭ বছরে গুম, খুন, অত্যাচার, জুলুম ও নির্যাতনের মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে। ভঙ্গুর করে দেওয়া হয়েছে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোও।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার জিল্লুর রহমান পৌর মিলনায়তনের আধুনিকায়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘এ দেশে মানুষের স্বাভাবিক মৃত্যুর কোনো নিশ্চয়তা ছিল না। কথা বলার স্বাধীনতা ও গণতন্ত্র ছিল না। একদলীয় বাকশাল কায়েমের একটি অলিখিত পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি। সেই পরাজিত শক্তি চব্বিশের আন্দোলনে ১ হাজার ৪০০ ছাত্র ও রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করেছে। হাজার হাজার মানুষকে গুম ও হত্যা করেছে। কিন্তু নয় মাস পেরিয়ে গেলেও সেই শক্তির কাছ থেকে কেউ একবারও শোনেনি যে তারা অনুতপ্ত।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের চলমান উন্নয়ন ব্যাহত ও নস্যাৎ করে আবারও দেশকে অন্ধকার যুগে ফিরিয়ে নিতে চায় পরাজিত শক্তি।

শরীফুল আলম বলেন, ‘চব্বিশের আন্দোলনে দেশের ছাত্র, আলেম সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টদের বিতাড়িত করেছেন, একইভাবে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে আবারও সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পরাজিত শক্তির বিরুদ্ধে নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকতে হবে।’

ভৈরব পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।

কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সংগ্রহীত ছবি

নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাটের প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাদ আসর জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে মসজিদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ অঞ্চল টিমের সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক, সেক্রেটারি নাজমুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা নজরুল ইসলামসহ দলটির অন্যান্য নেতারা।

বক্তারা নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাট বন্ধে সরকারের অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

পাকুন্দিয়ায় অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সোলায়মান মিয়া (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) রাতে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কের আলোর স্টোর বাজারের চৌরাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোলায়মান মিয়া পাকুন্দিয়া পৌরসদরের শ্রীরামদি এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আলোর স্টোর বাজারে দর্জির কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সোলায়মান মিয়া রাস্তা পার হচ্ছিলেন। এ সময় গাজীপুর থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। এতে তাঁর মাথা, বুক ও পায়ে গুরুতর আঘাত লাগে।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. তাওহীদ উল ইসলাম বলেন, বুধবার রাতে ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর মাথা, বুক ও পায়ে গুরুতর আঘাত ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে কিশোরগঞ্জে পাঠানো হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।