তাড়াইলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী ও উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে উপস্থিত ব্যক্তিরা নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
এ ছাড়া আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়ন এবং সার্বিক আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করার বিষয়ে সভায় গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত ব্যক্তিরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিজয় দিবসের সব আয়োজন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।













Disqus comments are not configured yet.