বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

​রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ২:২৩ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
​রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ মেলার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।

এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক ইসতিয়াক ইমনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা সভায় উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, মানুষের পুষ্টির চাহিদা পূরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, গুণগত মান নিশ্চিতকরণ এবং রপ্তানির উপযোগী পণ্য উৎপাদনে গুরুত্ব দিতে হবে।

বক্তারা আরও বলেন, প্রাণিসম্পদ খাতকে আধুনিক, টেকসই ও রপ্তানিমুখী হিসেবে গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, খামারি ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে খামারিদের প্রশিক্ষণ, উন্নত জাতের পশু-পাখি পালন এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা জরুরি।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রাণিসম্পদ মেলারও আয়োজন করা হয়। মেলার মাধ্যমে প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উদ্যোগ, সম্ভাবনা ও উন্নত প্রযুক্তি তুলে ধরা হয়।

কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সংগ্রহীত ছবি

নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাটের প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাদ আসর জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে মসজিদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ অঞ্চল টিমের সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক, সেক্রেটারি নাজমুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা নজরুল ইসলামসহ দলটির অন্যান্য নেতারা।

বক্তারা নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাট বন্ধে সরকারের অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

পাকুন্দিয়ায় অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সোলায়মান মিয়া (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) রাতে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কের আলোর স্টোর বাজারের চৌরাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোলায়মান মিয়া পাকুন্দিয়া পৌরসদরের শ্রীরামদি এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আলোর স্টোর বাজারে দর্জির কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সোলায়মান মিয়া রাস্তা পার হচ্ছিলেন। এ সময় গাজীপুর থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। এতে তাঁর মাথা, বুক ও পায়ে গুরুতর আঘাত লাগে।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. তাওহীদ উল ইসলাম বলেন, বুধবার রাতে ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর মাথা, বুক ও পায়ে গুরুতর আঘাত ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে কিশোরগঞ্জে পাঠানো হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভারতের পররাষ্ট্রনীতির প্রভাব বাংলাদেশের সঙ্গেও পড়ছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
ভারতের পররাষ্ট্রনীতির প্রভাব বাংলাদেশের সঙ্গেও পড়ছে: তথ্যমন্ত্রী
সব প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান। তিনি বলেন, ভারতের পররাষ্ট্রনীতির প্রভাব বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্কের ক্ষেত্রেও পড়ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘ভারতের একটি অত্যন্ত খারাপ পররাষ্ট্রনীতি রয়েছে। এ কারণেই দেখবেন, সব প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ। শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ। ভারতের এই পররাষ্ট্রনীতির প্রভাব এখন বাংলাদেশের সঙ্গেও পড়ছে।’

তিনি অভিযোগ করেন, ভারতে বসে বাংলাদেশের অভ্যন্তরে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে এবং দেশটির গণমাধ্যম তাতে সমর্থন দিচ্ছে। এ পরিস্থিতিকে তিনি ভারতের পররাষ্ট্রনীতির ফল হিসেবে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে আন্দালিব রহমান বলেন, ‘এটা অনেক পরের ব্যাপার, অনেক পরের আলোচনা। এটি অন্য মন্ত্রণালয়ের বিষয়। সংশ্লিষ্ট ব্যক্তিরাই এ বিষয়ে কথা বলার ভালো অবস্থানে রয়েছেন।’

বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারত বাংলাদেশে হিন্দু-মুসলমানের সহাবস্থানের বিষয়টি ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করছে।

তিনি বলেন, ‘বাংলাদেশে হিন্দু-মুসলমান একই ছাদের নিচে শান্তিতে বসবাস করি। কয়েক দিন আগে যে দুর্গাপূজা হলো, বাংলাদেশের ইতিহাসে এ রকম পূজা হয়নি। কিন্তু কোনো রাজনৈতিক সংঘাতে হিন্দু বা সংখ্যালঘু কেউ জড়িয়ে পড়লে ভারত সেটিকে ভিন্নভাবে উপস্থাপন করে। কারণ, এটি বিজেপির স্থানীয় রাজনীতিতে সুবিধা দেয়।’

ভারতীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, দেশটির গণমাধ্যমগুলো স্থানীয় রাজনীতিতে সুবিধা পাওয়ার জন্য এ ধরনের বিষয় তুলে ধরছে।

তিনি বলেন, ‘যাঁরা বোঝার, তাঁরা সবাই জানেন কোন পরিস্থিতিতে আওয়ামী লীগ দেশ থেকে চলে গেছে, জনগণ কীভাবে তাদের বিতাড়িত করেছে এবং বাংলাদেশে এখন কী পরিস্থিতি বিরাজ করছে। ভারত যেখানে স্থানীয় রাজনীতিতে সুবিধা পাবে, সে জন্যই এসব করছে।’

মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।