পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই
বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন পাঠ্যবই তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। সে অনুযায়ী আগামী ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে নতুন বই বিতরণের প্রস্তুতি চলছে। ২০২৭ শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই পৌঁছে দিতে এবার আগেভাগেই মুদ্রণ, বাঁধাই ও মাঠপর্যায়ে সরবরাহের কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন। সাক্ষাৎকারে তিনি পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহের অগ্রগতি, বইয়ের মান এবং বিতরণের সম্ভাব্য সময়সূচি তুলে ধরেন।
এনসিটিবি চেয়ারম্যান জানান, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য মোট ৩০ কোটি ৯৬ লাখ ৩৬ হাজার পাঠ্যবই ছাপা হচ্ছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক স্তরের বই ছাপা ও সরবরাহের কাজ প্রায় শেষ। প্রাথমিক স্তরের ৯৭ শতাংশের বেশি এবং মাধ্যমিক স্তরের ৯২ শতাংশের বেশি বই ইতিমধ্যে উপজেলা পর্যায়ে সরবরাহ করা হয়েছে।
তিনি জানান, প্রাক-প্রাথমিক স্তরের ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০ কপি বই ছাপা ও সরবরাহের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। প্রাথমিকের (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬ কপি বইয়ের মধ্যে ৯৭ দশমিক ২৮ শতাংশ এবং ইবতেদায়ির ৪ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৫৭৪ কপি বইয়ের ৯৪ দশমিক ১২ শতাংশের প্রাক-সরবরাহ পরিদর্শন (পিডিআই) সম্পন্ন হয়েছে।
এনসিটিবি চেয়ারম্যান আরও জানান, ২৫ নভেম্বর পর্যন্ত মাধ্যমিক স্তরের (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮ কপি বইয়ের মধ্যে ৯২ দশমিক ৯৭ শতাংশের পিডিআই এবং ৯২ শতাংশ বই সরবরাহ সম্পন্ন হয়েছে। এ ছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ৯ হাজার ৪ কপি ব্রেইল বই ছাপা হচ্ছে।
বই বিতরণের সময়সূচি ও প্রস্তুতি প্রসঙ্গে ফখরুল মাওলা বলেন, আগে পয়লা জানুয়ারির বই উৎসবকে কেন্দ্র করে বিপুল অর্থ ব্যয় করা হতো। প্রধানমন্ত্রী তারেক রহমান অপ্রয়োজনীয় ব্যয় সাশ্রয়ের নীতি গ্রহণ করেছেন। তাই এবার সেই ধারা থেকে বেরিয়ে এসে শুধু বইয়ের মোড়ক উন্মোচনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দেওয়ার নির্দেশনা দেওয়ার প্রস্তুতি চলছে।
তিনি বলেন, স্কুলগুলোতে আগামী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের কথা রয়েছে। এ কারণে ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে যেকোনো একদিন বই বিতরণের পরিকল্পনা করা হচ্ছে। তবে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়ার পর সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে। সরকার যখন চাইবে, তখনই বই বিতরণের জন্য এনসিটিবি প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
এনসিটিবি চেয়ারম্যান জানান, আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব বই উপজেলা পর্যায়ে সরবরাহ করা হবে। এ ছাড়া নতুন চারটি বইয়ের ছাপা ও বাঁধাইয়ের কাজ ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
বিগত বছরগুলোর বই উৎসবের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, আগে কিছু বই ছাপা বা বাঁধাই না হলেও অল্প কিছু বই কিংবা রেপ্লিকা দেখিয়ে উদ্বোধন করা হতো। বাকি বই সরবরাহ করা হতো মার্চ বা এপ্রিল মাসে। এবার এমনটা হবে না। শতভাগ বই প্রস্তুত ও সরবরাহ নিশ্চিত হওয়ার পরই বিতরণ কার্যক্রম শুরু হবে।
বইয়ের গুণগত মান সম্পর্কে ফখরুল মাওলা বলেন, কাগজের মান, ছাপা, বাঁধাই, চোখের ওপর আলোর প্রতিফলন এবং বই সহজে ছিঁড়ে যায় কি না—এসব বিষয় যাচাই করে মান নিশ্চিত করা হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবার বইয়ের গুণগত মান অনেক ভালো হবে। নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ বই সরবরাহ নিশ্চিত করা এনসিটিবির ইতিহাসে একটি বড় মাইলফলক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
দ্রুত সময়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বই পরিমার্জন, মুদ্রণ ও সরবরাহের অগ্রগতির পেছনে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানের পাশাপাশি শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিবিড় পর্যবেক্ষণের প্রশংসা করেন এনসিটিবি চেয়ারম্যান।
নতুন বই ও শিক্ষাক্রম প্রসঙ্গে তিনি জানান, প্রাথমিক স্তরে খেলাধুলা ও বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক নতুন বই যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে শিশুদের মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি কমিয়ে খেলার মাঠে ফেরানো এবং বিদ্যালয়ে আনন্দময় পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কারিগরি শিক্ষার বই ধাপে ধাপে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে সম্প্রসারণ করা হবে।
এ ছাড়া ২০২৮ শিক্ষাবর্ষের পরিমার্জিত শিক্ষাক্রমের রূপরেখা তৈরিতে ১২ থেকে ১৪টি দেশের শিক্ষাক্রম বিশ্লেষণ করা হচ্ছে। এ বিষয়ে শিগগিরই নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা শুরু হবে বলেও জানান তিনি।










Disqus comments are not configured yet.