ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশে সোপর্দ করার আগে আটক ওই যুবলীগ নেতাকে পুরান ঢাকার প্রসিদ্ধ পনির ও ফল দিয়ে আপ্যায়ন করা হয়।
ঘটনার একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে নয়ন জানান, ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি রহমতুল্লাহ নাশকতার পরিকল্পনা করছেন—এমন তথ্য পেয়ে তাঁরা দ্রুত সেখানে গিয়ে তাঁকে আটক করেন। পরে তাঁকে ফল খেতে দিয়ে নাশকতার চেষ্টা করার কারণ জানতে চান। পাশাপাশি সাবেক এক নেতার কথায় দেশে আর অরাজকতা না ছড়ানোর জন্য তাঁকে বোঝান।
ফেসবুক পোস্টে নয়ন আরও লেখেন, সমালোচক ও সুশীল সমাজের একটি অংশ অপপ্রচার চালাচ্ছে যে তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণ করেন। তাঁর দাবি, আওয়ামী লীগ ও দলটির অনুগত প্রশাসন যখন তাঁর সঙ্গে নিষ্ঠুর আচরণ করেছিল, তখন এসব সমালোচক নীরব ছিলেন। এখন তাঁদের বিবেক জেগে উঠেছে।
পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নাশকতার চেষ্টা করা হলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকেই ছাড় দেওয়া হবে না।
এর আগের দিন মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতেও পল্টন থেকে লালবাগের ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাভেদ দিদারকে আটক করেন নয়ন। পরে তাঁকে সেদ্ধ ডিম ও কফি খাইয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।










Disqus comments are not configured yet.