সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর জামিন
রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এই আদেশের ফলে লতিফ সিদ্দিকীর কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী জেড আই খান পান্না। আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল ও আল আমিন হোসেন।
জামিনের বিষয়টি নিশ্চিত করে সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল জানান, এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।
এর আগে গত ২৯ আগস্ট শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্জনসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, ২৮ আগস্ট রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে ‘মঞ্চ ৭১’-এর ব্যানারে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে লতিফ সিদ্দিকী দেশকে সশস্ত্র আন্দোলনের মাধ্যমে অস্থিতিশীল করে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের আহ্বানমূলক বক্তব্য দেন এবং অন্যদেরও উসকে দেন।
পরে বৈঠকে অংশ নেওয়া ৭০–৮০ জনের মধ্য থেকে ১৬ জনকে আটক করে পুলিশ।







