কটিয়াদীতে মাদকের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড ও জরিমানা
কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার চরিয়াকোনা মহল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মো. মুসা মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী পৌরসভার চরিয়াকোনা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা।
অভিযানকালে চরিয়াকোনা এলাকার বাসিন্দা মো. আপ্তর উদ্দিনের ছেলে মো. মুসা মিয়াকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকসংক্রান্ত অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমাজে মাদকের বিস্তার রোধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।
স্থানীয়ভাবে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি ‘মাদক নির্মূল ও প্রতিরোধ কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির উপদেষ্টা ও কটিয়াদী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম ফারুক চাষী বলেন, “মাদক বর্তমানে সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপে পরিণত হয়েছে। এটি শুধু একজন ব্যক্তির স্বাভাবিক জীবনযাপন ব্যাহত করে না, বরং পরিবারে অশান্তি সৃষ্টি করে এবং সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।”
তিনি আরও বলেন, “তরুণ সমাজ যদি মাদকের ভয়াল থাবায় আক্রান্ত হয়, তাহলে দেশের উন্নয়ন ও অগ্রগতি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। তাই মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”
নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা বলেন, “সমাজ থেকে মাদকের ভয়াবহ বিস্তার রোধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের অবস্থান কঠোর এবং এ বিষয়ে চলমান অভিযান আরও জোরদার করা হবে।”
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত অভিযান, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।










