তাড়াইলে নতুন ইউএনও তানজিলা আখতারের দায়িত্ব গ্রহণ
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তানজিলা আখতার। সোমবার (৮ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে তাড়াইল উপজেলায় যোগদান করেন। যোগদানের পর তিনি উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
তানজিলা আখতার ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তাড়াইলের আগে তিনি ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে রেভেনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলায়।
নতুন দায়িত্ব গ্রহণ শেষে ইউএনও তানজিলা আখতার বলেন, ‘তাড়াইলবাসীর কল্যাণে প্রশাসনিক সেবাকে আরও গতিশীল ও জনবান্ধব করতে চাই। সরকারের সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।’
তার দায়িত্ব পালনকে ঘিরে স্থানীয়দের মধ্যে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে। অনেকেই আশা করছেন, তার নেতৃত্বে তাড়াইলের উন্নয়ন, সেবা প্রদান ও প্রশাসনিক শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে। স্থানীয়দের মতে, তাড়াইলের উন্নয়নযাত্রায় নতুন অধ্যায়ের সূচনা হলো তার যোগদানের মধ্য দিয়ে।




