ভৈরবে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে আটক ৪
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে চারজনকে আটক করা হয়েছে। শনিবার (২৩ মে) সকালে স্টেশনের প্ল্যাটফর্ম ও তৎসংলগ্ন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—ভৈরব থানার তাতারকান্দি এলাকার নজরুল ইসলামের ছেলে লোকমান মিয়া (৩৫), পঞ্চবটি বউবাজার এলাকার সেলিম মিয়ার ছেলে সালমান হোসেন (১৯), শাহ আলম মিয়ার ছেলে নীরব মিয়া (২২) এবং চন্ডিবের মধ্যপাড়া এলাকার মুসলিম মিয়ার ছেলে সুজন মিয়া (৪০)।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার সকালে রেলওয়ে স্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পশ্চিম আউটার এলাকায় জুয়া খেলার সময় লোকমান মিয়া ও সালমান হোসেনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
তিনি আরও জানান, পৃথক অভিযানে স্টেশনের প্ল্যাটফর্ম এলাকা থেকে মোবাইল ফোন চুরির চেষ্টার অভিযোগে সুজন মিয়াকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে ৬০ দিনের কারাদণ্ড প্রদান করেন।
এদিকে রেললাইনের পূর্ব আউটার এলাকায় ট্রেনে পাথর নিক্ষেপের অভিযোগে নীরব মিয়াকে আটক করা হয়। একই আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে স্টেশন ও আশপাশের এলাকায় পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে। চুরি, ছিনতাই ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ট্রেন ও স্টেশন এলাকায় নিয়মিত টহল এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় যাত্রীরা জানান, রেলওয়ে পুলিশের এমন তৎপরতায় স্টেশন এলাকায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। বিশেষ করে ঈদকে সামনে রেখে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।







