দাবি না মানলে সারারাত ইসি ঘেরাওয়ের ঘোষণা ছাত্রদলের
প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালটের ভাঁজে ধানের শীষের প্রতীক সংযুক্ত করাসহ তিন দফা দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। দাবি আদায় না হলে সারারাত ইসি ঘেরাও করে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
রোববার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা ইসি কার্যালয়ের সামনে অবস্থান নেন। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রয়োজনে রাতভর কর্মসূচি চলবে।
কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ সংগঠনটির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘নির্বাচনের পোস্টাল ব্যালটের ভাঁজে ধানের শীষ রাখা হয়েছে, যা একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের বিতর্কিত ও নজিরবিহীন প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত। এর ভিত্তি কী, আমরা তার জবাব চাই।’
তিনি আরও বলেন, দাবি না মানলে এই কর্মসূচি দিন-রাত অব্যাহত থাকবে।
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার বলেন, ‘পোস্টাল ব্যালটে অনিয়ম করা হয়েছে। জাতীয় নির্বাচনের আগে কীভাবে ছাত্র সংসদ নির্বাচনের অনুমতি দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ইসি কার্যালয়ের সামনে থেকে সরবো না।’







