উসকানিমূলক বক্তব্যকারীদের প্রটৌকল তিন গুণ বাড়ানোর আহ্বান তারেক রহমানের
যারা বিএনপিকে প্রটোকল দেওয়া নিয়ে উসকানিমূলক বক্তব্য দিচ্ছে, তাদের নিরাপত্তা ও প্রটোকল আরও তিন গুণ বাড়িয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের আইনপুরে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
কোনো নির্দিষ্ট দলের নাম উল্লেখ না করে তারেক রহমান বলেন,
‘আমি অন্তর্বর্তী সরকারকে এবং প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে লাখো জনতার পক্ষ থেকে অনুরোধ করব—তাদের প্রটোকল দরকার হলে তিন ডাবল করে দিন। তারা মানুষকে বিভ্রান্ত করছে এবং মানুষ তা বুঝতে পেরেছে। আমরা চাই না মানুষ ক্ষিপ্ত হয়ে তাদের কিছু করে বসুক। বিএনপিকে যে নিরাপত্তা দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে তা তিন গুণ বাড়িয়ে দিন।’
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন,
‘দেশকে বাঁচাতে হলে আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। এ দেশের মানুষ গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, গুম ও খুনের শিকার হয়েছে। মানুষের ভাগ্য পরিবর্তন এবং দেশে প্রকৃত গণতন্ত্রের সূচনা করতে ধানের শীষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।’
বক্তব্যে বিএনপির শাসনামলের কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন,
‘আপনারা সাক্ষী, যখনই ধানের শীষ ক্ষমতায় ছিল, মানুষ মন খুলে কথা বলতে পেরেছে, সরকারের সমালোচনা করতে পেরেছে। তখন কাউকে গুম বা খুনের শিকার হতে হয়নি। ইউনিয়ন কিংবা পৌরসভা—সব নির্বাচনই তখন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।’
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন,
‘দেশ পুনর্গঠনে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দেওয়ার নিশ্চয়তা একমাত্র ধানের শীষই দিতে পারে।’
পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।










