বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

কিশোরগঞ্জ পাসপোর্ট অফিস এলাকায় র‍্যাবের অভিযান, ২০ দালালকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১১ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কিশোরগঞ্জ পাসপোর্ট অফিস এলাকায় র‍্যাবের অভিযান, ২০ দালালকে কারাদণ্ড

কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ২০ জন দালালকে আটক করেছে র‍্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে র‍্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত শেষে সাংবাদিকদের তিনি বলেন, অভিযুক্তরা দোষ স্বীকার করায় এবং অপরাধের মাত্রা বিবেচনায় তাঁদের সর্বনিম্ন সাত দিন থেকে সর্বোচ্চ এক মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, অভিযান চলাকালে দালালরা র‍্যাবের সিভিল ফোর্সের সদস্যদের কাছেও অর্থ দাবি করে। এভাবে তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দালালি কার্যক্রম চালিয়ে আসছিল। এই অভিযানের ফলে পাসপোর্ট অফিসে জনভোগান্তি অনেকাংশে কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

র‍্যাব জানায়, পাসপোর্ট অফিসে দায়িত্বরত একজন আনসার সদস্যের সঙ্গে দালালদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বিষয়টি জেলা কমান্ড্যান্টকে অবহিত করা হয়েছে। পাশাপাশি, অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

পথচারীদের স্বস্তি ফেরাতে কিশোরগঞ্জে ফুটপাত উচ্ছেদ অভিযান

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৩:৫৮ অপরাহ্ণ
পথচারীদের স্বস্তি ফেরাতে কিশোরগঞ্জে ফুটপাত উচ্ছেদ অভিযান

কিশোরগঞ্জ জেলা শহরের ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত এবং যানজট নিরসনের লক্ষ্যে বিশেষ উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন। বুধবার (৩ জুন) সকাল থেকে কিশোরগঞ্জ পৌরসভা ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সকাল ১১টায় শহরের বটতলা মোড় এলাকায় অভিযানের উদ্বোধন করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পৌরসভার প্রতিনিধি, পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন ফুটপাত ও সড়কের অংশ দখল করে দোকানপাট, ভ্রাম্যমাণ ব্যবসা এবং বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা গড়ে ওঠে। ফলে পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। অনেক ক্ষেত্রে পথচারীদের বাধ্য হয়ে মূল সড়ক ব্যবহার করতে হয়, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ানোর পাশাপাশি যানজটও তীব্র করে তোলে।

অভিযানের প্রথম দিনে বটতলা মোড় থেকে একরামপুর মোড় পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা, দোকানপাট ও প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। উচ্ছেদ কার্যক্রমে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, জেলা পুলিশ ও পৌরসভার কর্মকর্তারা অংশ নেন।

কিশোরগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান বলেন, শহরের যানজট দীর্ঘদিন ধরে নাগরিকদের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা সমাধানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে একাধিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্টদের বারবার নোটিশ ও সতর্কতা দেওয়ার পরও যারা অবৈধ স্থাপনা অপসারণ করেননি, তাদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, “শহরকে পরিকল্পিত ও জনবান্ধব করতে ফুটপাত দখলমুক্ত রাখার কোনো বিকল্প নেই। এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।”

জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন বলেন, ফুটপাত দখলের কারণে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন। প্রশাসনের এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে পথচারীরা স্বস্তি ফিরে পাবেন এবং শহরের যানজটও অনেকাংশে কমে আসবে।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে প্রশাসন দীর্ঘদিন ধরে কাজ করছে। এ লক্ষ্যে একাধিকবার নোটিশ, গণবিজ্ঞপ্তি এবং মাইকিংয়ের মাধ্যমে দখলদারদের সতর্ক করা হয়েছে। প্রথম ধাপে স্থায়ী দোকানের বাইরে ফুটপাত দখল করে রাখা অতিরিক্ত অংশ উচ্ছেদ করা হচ্ছে।

তিনি আরও বলেন, “পরবর্তী ধাপে সড়ক দখল করে ব্যবসা পরিচালনাকারী ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প স্থান নির্ধারণ ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। শহর সবার। জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত করা হবে। একই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।”

অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কিশোরগঞ্জ শহরকে যানজটমুক্ত ও পথচারীবান্ধব নগরীতে পরিণত করতে ফুটপাত দখলের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। উচ্ছেদকৃত স্থান পুনরায় দখলমুক্ত রাখতে নিয়মিত তদারকি, নজরদারি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের এ উদ্যোগ ধারাবাহিকভাবে বাস্তবায়িত হলে শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে, পথচারীদের চলাচল সহজ হবে এবং যানজট সমস্যাও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বিতায় ব্র্যাকের হাঁস পালন কর্মসূচি

হাবিবুর রহমান বিপ্লব প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ
প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বিতায় ব্র্যাকের হাঁস পালন কর্মসূচি

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি)-এর উদ্যোগে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আওতায় ২০ জন উপকারভোগীর মাঝে হাঁসের বাচ্চা বিতরণের পাশাপাশি তাদের হাঁস পালন, পরিচর্যা ও রোগ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

বুধবার ব্র্যাকের করিমগঞ্জ শাখা কার্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ ও বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক করিমগঞ্জ শাখার ব্যবস্থাপক মোবারক হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের কিশোরগঞ্জ-২ অঞ্চলের করিমগঞ্জ এলাকার এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক সমন্বয়কারী মো. বাছির উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে সিনিয়র শাখা ব্যবস্থাপক মো. মোবারক হোসেন, সম্প্রসারণ কর্মকর্তা নাজমুল হাসানসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে হাঁস পালনকে লাভজনক ও টেকসই আয়ের উৎস হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক তুলে ধরা হয়। উপকারভোগীদের হাঁসের সঠিক পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, বাসস্থান প্রস্তুতকরণ, রোগ প্রতিরোধ এবং উৎপাদন বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে ব্যবহারিক ও তাত্ত্বিক প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে ২০ জন উপকারভোগীর প্রত্যেককে ২০টি করে হাঁসের বাচ্চা প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি উপকারভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে হাঁসের বাচ্চা তুলে দেন।

এ সময় বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতিতে হাঁস পালন একটি সম্ভাবনাময় খাত। স্বল্প পুঁজিতে শুরু করা যায় বলে এটি দরিদ্র ও প্রান্তিক পরিবারের জন্য আয়ের একটি কার্যকর মাধ্যম হিসেবে বিবেচিত। সঠিক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা পেলে হাঁস পালন করে অনেক পরিবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে।

বক্তারা আরও বলেন, ব্র্যাক দীর্ঘদিন ধরে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ কার্যক্রমও তারই অংশ। এ ধরনের উদ্যোগ উপকারভোগীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং পরিবারভিত্তিক আয় বৃদ্ধির মাধ্যমে তাদের আর্থিক সক্ষমতা জোরদার করবে।

অনুষ্ঠানে ব্র্যাকের কর্মকর্তা-কর্মচারী, সমিতির সদস্য, উপকারভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপকারভোগীরা এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে ব্র্যাক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ ও সহায়তার মাধ্যমে উপকারভোগীরা হাঁস পালনকে একটি লাভজনক উদ্যোগে পরিণত করতে সক্ষম হবেন, যা তাদের পরিবারে আর্থিক সচ্ছলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় নিহত বৃদ্ধ, চালক পলাতক

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় নিহত বৃদ্ধ, চালক পলাতক

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় অটোরিকশার চাপায় মো. হাফিজ উদ্দিন (৭৪) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকালে পৌরসভার পূর্ব দীপেশ্বর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত হাফিজ উদ্দিন পূর্ব দীপেশ্বর গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির পাশের সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার আঘাত এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়। এলাকাবাসী জানান, পৌর এলাকার বিভিন্ন সড়কে প্রায়ই বেপরোয়া গতিতে অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। ফলে পথচারীরা প্রায়ই ঝুঁকির মধ্যে থাকেন।

ঘটনার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।

এদিকে দুর্ঘটনার পর অটোরিকশার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে শনাক্ত ও আটকের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানা গেছে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

স্থানীয় বাসিন্দারা এ ধরনের দুর্ঘটনা রোধে সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের দাবি জানিয়েছেন।