নিকলীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
কিশোরগঞ্জের নিকলী থানায় পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় নিকলী থানা ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম। ওসি (তদন্ত) আক্তার খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার তৃপ্তি মণ্ডল।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় যুবসমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলোচনায় ঈদকে সামনে রেখে বাজারে জাল টাকা বিনিময় প্রতিরোধ, যানজট নিরসন, মহিলা পকেটমারদের দৌরাত্ম্য রোধ, নিকলীর বিভিন্ন স্থানে মাদক বিক্রি ও ভাসমান ইয়াবা বিক্রেতাদের প্রতিরোধসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশ ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এসব বিষয়ে তথ্য আদান-প্রদানের মাধ্যমে মাদকসহ অন্যান্য অপরাধ দমনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
এ সময় দৈনিক কিশোরগঞ্জের নিজস্ব প্রতিবেদক, নিকলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ উবাইদুল হক সম্রাট সহ অন্যান্য সাংবাদিক উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।




