হোসেনপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জের হোসেনপুরে বাঙালির ঐতিহ্যবাহী উৎসব বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ) ১৪৩৩ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে নববর্ষ উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
বুধবার (৮ এপ্রিল) হোসেনপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো, পৌর বিএনপির সভাপতি এ কে এম শফিকুল হক শফিক এবং সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ বি এম সিদ্দিক চঞ্চল, জুলাইয়ের আন্দোলনে নিহত এক যোদ্ধার মা ফাতেমা তুছ জহুরা, হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আছমা বেগম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান চন্দন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শওকত হোসেন, জুলাই আন্দোলনের প্রতিনিধি মোঃ আল আমিন ভূইয়া এবং জিয়া মঞ্চের সভাপতি হুমায়ুন কবির কিবরিয়াসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন। এবারের আয়োজনের মধ্যে থাকবে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রামীণ মেলা। এসব কর্মসূচি সুষ্ঠু ও শৃঙ্খলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে সর্বস্তরের মানুষ নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারে।
সভাপতির বক্তব্যে ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, বাঙালির হাজার বছরের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হোসেনপুরে জাঁকজমকপূর্ণভাবে নববর্ষ উদযাপন করা হবে। এ লক্ষ্যে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।













