জ্বালানি সাশ্রয়ে বাজিতপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
মন্ত্রীপরিষদ বিভাগের মাঠ প্রশাসন ও সংযোগ অধিশাখা থেকে জারি করা নির্দেশনার আলোকে এবং জেলা প্রশাসনের নির্দেশনায় কিশোরগঞ্জের বাজিতপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। জ্বালানি সাশ্রয় ও বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সময় ব্যবসায়ী ও সাধারণ জনগণকে সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় বাজিতপুর বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম সোহাগ-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বাজারের ব্যবসায়ীদের নির্ধারিত সময় মেনে দোকানপাট বন্ধ রাখা, অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ করা এবং মার্কেট ও শপিংমল সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। তবে জনস্বার্থ বিবেচনায় হোটেল, ওষুধের দোকান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানসমূহ এ নির্দেশনার বাইরে রাখা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল ২০২৬ তারিখে ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে বিলবোর্ডসহ সব ধরনের অপ্রয়োজনীয় আলোকসজ্জা নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের মাধ্যমে মাঠপর্যায়ে বাস্তবায়নের জন্য বলা হয়। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসনের তদারকিতে উপজেলা প্রশাসন বাজিতপুরে এ অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শহিদুল ইসলাম সোহাগ বলেন, “সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমরা মাঠপর্যায়ে কাজ করছি। জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে সবাইকে নির্ধারিত সময় মেনে চলতে হবে।”








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array