শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদ উপলক্ষে পুমদীতে দুস্থদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ঈদ উপলক্ষে পুমদীতে দুস্থদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নে ২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে ভিজিএফ (VGF) চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সরকারের এ কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের দুস্থ, অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।

শুক্রবার (২৩ মে) সকাল থেকে পুমদী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, এ কার্যক্রম আগামী তিন থেকে চার দিন চলমান থাকবে।

এবারের কর্মসূচিতে পুমদী ইউনিয়নের ৫ হাজার তালিকাভুক্ত পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে বিনামূল্যে চাল প্রদান করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে এ বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা কার্ডধারীরা নির্ধারিত কুপন ও পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে তাদের চাল গ্রহণ করছেন। চাল পেয়ে উপকারভোগীদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন পুমদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম, হোসেনপুর উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ মাজারুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য মোফাচ্চল মিয়া (৩ নম্বর ওয়ার্ড)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপস্থিত ব্যক্তিরা বলেন, ঈদকে সামনে রেখে সরকারের এ ধরনের মানবিক সহায়তা কর্মসূচি নিম্নআয়ের মানুষের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা রাখছে। তারা সঠিকভাবে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ অব্যাহত রাখার আহ্বান জানান।

হোসেনপুরের গোবিন্দপুর ইউনিয়নে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ শুরু

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ
হোসেনপুরের গোবিন্দপুর ইউনিয়নে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ শুরু

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে ২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে ভিজিএফ (VGF) খাদ্যশস্য (চাল) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সরকারের এ কর্মসূচির আওতায় স্থানীয় দুস্থ, অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।

গত ২১ মে (বৃহস্পতিবার) থেকে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ কার্যক্রম আগামী ৫ থেকে ৭ দিন পর্যন্ত চলমান থাকবে।

এবারের কর্মসূচিতে গোবিন্দপুর ইউনিয়নের ৭ হাজার তালিকাভুক্ত পরিবারকে জনপ্রতি ১০ কেজি করে বিনামূল্যে চাল বিতরণ করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিতরণ কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাইদুর রহমান, হোসেনপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরে আলম এরশাদ, ৩ নম্বর গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মানিক মিয়া, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিদ্দিক হোসেন মেম্বারসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিতরণ কার্যক্রম চলাকালে উপকারভোগীদের মাঝে স্বস্তি ও সন্তোষ লক্ষ্য করা যায়। অনেকেই বলেন, ঈদের আগে এই সহায়তা তাদের পরিবারের জন্য বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রকৃত উপকারভোগীদের হাতে খাদ্য সহায়তা পৌঁছে দিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে চাল বিতরণ করা হচ্ছে। যাতে কোনো ধরনের অনিয়ম না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত তদারকি করছেন।

অষ্টগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত স্ত্রীসহ আরও দুই নারী

মোঃ আলী রহমান প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ৬:২৭ অপরাহ্ণ
অষ্টগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত স্ত্রীসহ আরও দুই নারী

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বজ্রপাতে মহব্বত খা (৩৬) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রীসহ আরও দুই নারী আহত হয়েছেন।

শনিবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহব্বত খা ওই গ্রামের বাসিন্দা এবং জমরুত খার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়লে বাড়ির আঙিনায় রোদে শুকাতে দেওয়া ধান দ্রুত জড়ো করতে যান মহব্বত খা। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বজ্রপাতের সময় তার স্ত্রী রুমা বেগম (৩৫) ও মর্জিনা বেগম (৫০) নামের আরও দুই নারী আহত হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর নিহতের পরিবারে শোকের মাতম নেমে আসে। স্থানীয়দের মাঝেও গভীর শোক ও আতঙ্ক বিরাজ করছে। হাওরাঞ্চলে বৈরী আবহাওয়া ও ঘন ঘন বজ্রপাতের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা কৃষকদের আবহাওয়ার সতর্কবার্তা মেনে চলার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা মাঠ ও উন্মুক্ত স্থানে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।

কটিয়াদীতে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ

মাইনুল হক মেনু প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ
কটিয়াদীতে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ, স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাই এবং সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণকৃত লবণের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৩ মে) সকাল ১১টায় কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মালিজ। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, চামড়া ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শাহীন আহমেদ, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল আলম রফিক, কটিয়াদী প্রেসক্লাবের আহ্বায়ক ফজলুল হক জোয়ারদার আলমগীর, সদস্য সচিব মাইনুল হক মেনু সরকার, মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাদিউল ইসলাম, কটিয়াদী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও পৌর যুবদলের আহ্বায়ক মো. জিল্লুর রহমান, চামড়া ব্যবসায়ী ও যুবদল নেতা মো. জহির উদ্দিন মেম্বার, কটিয়াদী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জজ মিয়া, সাংবাদিক মাসুম পাঠান, মিয়া মোহাম্মদ সিদ্দিকসহ উপজেলার বিভিন্ন এলাকার চামড়া ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মশালায় বক্তারা বলেন, কোরবানির পশুর চামড়া দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। প্রতি বছর অসচেতনতা ও সঠিক সংরক্ষণের অভাবে বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়ে যায়। এতে যেমন ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন, তেমনি রাষ্ট্রও হারায় বৈদেশিক মুদ্রা অর্জনের একটি সম্ভাবনাময় খাত। তাই চামড়া ছাড়ানো থেকে শুরু করে সংরক্ষণ পর্যন্ত প্রতিটি ধাপে সচেতনতা ও দক্ষতা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে কোরবানির পশু জবাইয়ের সঠিক নিয়ম, স্বাস্থ্যবিধি অনুসরণ, চামড়া সঠিকভাবে ছাড়ানোর কৌশল এবং চামড়া যাতে কেটে বা ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি চামড়ার গুণগত মান অক্ষুণ্ণ রাখতে দ্রুত লবণ প্রয়োগের গুরুত্বও তুলে ধরা হয়।

প্রশিক্ষণে জানানো হয়, সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণকৃত লবণ নির্ধারিত নিয়মে ব্যবহার করলে চামড়া দীর্ঘসময় ভালো রাখা সম্ভব হবে। চামড়ার ভেতরের অংশ ভালোভাবে পরিষ্কার করে পর্যাপ্ত পরিমাণ লবণ ছিটিয়ে সংরক্ষণ করতে হবে। বিশেষ করে কোরবানির পর যত দ্রুত সম্ভব চামড়ায় লবণ প্রয়োগ করা গেলে পচন রোধ করা সহজ হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মালিজ বলেন, “কোরবানির পশুর চামড়া আমাদের জাতীয় সম্পদ। সঠিক সংরক্ষণের মাধ্যমে এই সম্পদের যথাযথ মূল্য নিশ্চিত করা সম্ভব। সরকারের নির্দেশনা অনুযায়ী চামড়া সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও বলেন, “উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোরবানির সময় স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা, নির্ধারিত স্থানে বর্জ্য অপসারণ এবং চামড়া সংরক্ষণ বিষয়ে প্রয়োজনীয় তদারকি অব্যাহত থাকবে।”

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে চামড়া সংরক্ষণ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয় এবং কোরবানির সময় সচেতনতা বৃদ্ধিতে সকলের সহযোগিতা কামনা করা হয়।