টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে ভারতের ওপরে টাইগাররা
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়েছে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে নাজমুল হোসেন শান্তর দল। এর মধ্য দিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের কীর্তি গড়ল টাইগাররা।
এই জয়ের ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) পয়েন্ট টেবিলেও বড় অগ্রগতি হয়েছে বাংলাদেশের। পয়েন্ট তালিকায় ভারতকে পেছনে ফেলে ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে টাইগাররা।
মঙ্গলবার ম্যাচের পঞ্চম দিনে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল আরও ১৬৩ রান, হাতে ছিল ৫ উইকেট। তবে দিনের শুরুতেই বাংলাদেশের বোলাররা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেন। বিশেষ করে স্পিনার তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে গুটিয়ে যায় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস।
সংক্ষিপ্ত স্কোরঃ বাংলাদেশ ১ম ইনিংস: ২৭৮ (লিটন দাস ১২৬); পাকিস্তান ১ম ইনিংস: ২৩২; বাংলাদেশ ২য় ইনিংস: ৩৯০ (মুশফিকুর রহিম ১৩৭); পাকিস্তান ২য় ইনিংস: ৩৫৮ (মোহাম্মদ রিজওয়ান ৯৪, সালমান আলী আগা ৭১; তাইজুল ইসলাম ৬/১২০) ফল: বাংলাদেশ ৭৮ রানে জয়ী।
৪০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আগের দিনই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। শেষ দিনে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে রিজওয়ানকে ৯৪ রানে ফিরিয়ে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেন শরিফুল ইসলাম।
এরপর ম্যাচ পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে নিয়ে যান তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনার দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট শিকার করেন। ম্যাচে তার মোট শিকার ৯ উইকেট।
বাংলাদেশের জয়ের ভিত্তি গড়ে দেন দুই অভিজ্ঞ ব্যাটার লিটন দাস ও মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে লিটনের ১২৬ রানের ইনিংসে লড়াইয়ে ফিরে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ইনিংসে মুশফিকের ১৩৭ রানের ইনিংসে পাকিস্তানের সামনে বড় লক্ষ্য দাঁড় করায় স্বাগতিকরা।
ব্যাটিংয়ের পাশাপাশি বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্স এবং ফিল্ডারদের দৃঢ়তায় পুরো ম্যাচেই আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ।
পাকিস্তানের মাটিতে সিরিজ জয়ের পর ঘরের মাঠেও একই প্রতিপক্ষকে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ। ক্রিকেট বিশ্লেষকদের মতে, এটি দেশের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা সাফল্য।
ঐতিহাসিক এই জয়ের পর সিলেট স্টেডিয়ামে উচ্ছ্বাসে মেতে ওঠেন দর্শকরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসায় ভাসছে বাংলাদেশ দল।










Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array