ভৈরবে ‘শীর্ষ মাদক কারবারি’ উমান গ্রেফতার
কিশোরগঞ্জের ভৈরবে বিশেষ অভিযানে উমান মিয়া নামে এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে ভৈরবসহ আশপাশের এলাকায় বিস্তৃত মাদক চোরাচালান ও বিক্রয় নেটওয়ার্ক পরিচালনা করে আসছিলেন।
মঙ্গলবার (২০ মে) সকাল ৯টার দিকে ভৈরব থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। কিশোরগঞ্জ জেলা পুলিশের দিকনির্দেশনা এবং ভৈরব থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া উমান মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এছাড়া তিনি বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ জানায়, উমান মিয়া ভৈরব এলাকায় প্রায় ২০০ সদস্যের একটি মাদক চক্র নিয়ন্ত্রণ করতেন। তার নেতৃত্বে বিভিন্ন এলাকায় ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করা হতো। মাদক ব্যবসা থেকে অর্জিত অর্থে তিনি এলাকায় একটি পাঁচতলা বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন বলেও পুলিশের দাবি।
পুলিশ আরও জানায়, সাধারণ মানুষ, বিশেষ করে তরুণদের মাদকাসক্ত করে তোলার মাধ্যমে তিনি এলাকায় সামাজিক অবক্ষয় সৃষ্টি করছিলেন। দীর্ঘদিন ধরে স্থানীয়দের কাছ থেকেও তার বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়া যাচ্ছিল।
ভৈরব থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া উমান মিয়াকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। পাশাপাশি তার সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
কিশোরগঞ্জ জেলা পুলিশ বলছে, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও চলবে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছে পুলিশ প্রশাসন।










