অষ্টগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত স্ত্রীসহ আরও দুই নারী
প্রতীকী ছবি
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বজ্রপাতে মহব্বত খা (৩৬) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রীসহ আরও দুই নারী আহত হয়েছেন।
শনিবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহব্বত খা ওই গ্রামের বাসিন্দা এবং জমরুত খার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়লে বাড়ির আঙিনায় রোদে শুকাতে দেওয়া ধান দ্রুত জড়ো করতে যান মহব্বত খা। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বজ্রপাতের সময় তার স্ত্রী রুমা বেগম (৩৫) ও মর্জিনা বেগম (৫০) নামের আরও দুই নারী আহত হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর নিহতের পরিবারে শোকের মাতম নেমে আসে। স্থানীয়দের মাঝেও গভীর শোক ও আতঙ্ক বিরাজ করছে। হাওরাঞ্চলে বৈরী আবহাওয়া ও ঘন ঘন বজ্রপাতের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা কৃষকদের আবহাওয়ার সতর্কবার্তা মেনে চলার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা মাঠ ও উন্মুক্ত স্থানে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।





Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array