মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় এ উদ্যোগ গ্রহণ করা হয়।

মঙ্গলবার (২৬ মে) উপজেলার শাহেদল ইউনিয়নে আয়োজিত এ সহায়তা কার্যক্রমে ক্ষতিগ্রস্ত ৩২ জন কৃষকের প্রত্যেককে ৩ হাজার টাকা করে নগদ অর্থ এবং ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন, উপসহকারী কর্মকর্তা মুদ্দাচ্ছিল হায়দার আলমগীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক টানা বর্ষণ ও জলাবদ্ধতায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক চাপ কিছুটা লাঘব করতে সরকারের দুর্যোগ সহায়তা কর্মসূচির আওতায় এ সহায়তা প্রদান করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা বলেন, “প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসন কাজ করছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝেও নগদ অর্থ ও খাদ্য সহায়তা বিতরণ করা হবে।”

সহায়তা পেয়ে উপকারভোগী কৃষকরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হওয়ায় তারা আর্থিক সংকটে পড়েছিলেন। সরকারের এ সহায়তা তাদের জন্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

স্থানীয়রা প্রশাসনের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে আরও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

কটিয়াদীতে চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মাইনুল হক মেনু প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ
কটিয়াদীতে চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের উত্তর পূর্বচর পাড়াতলা গ্রামের চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামি মো. মহরম আলী (৬০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। কটিয়াদী থানার একটি বিশেষ আভিযানিক দল সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাতাঘাট ইউনিয়নের গুরুপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ মে ২০২৬ তারিখ দুপুর সাড়ে ১২টার দিকে পৈত্রিক বসতভিটা ও জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন (৩০) উত্তর পূর্বচর পাড়াতলা গ্রামের বাসিন্দা। অভিযুক্ত মহরম আলী সম্পর্কে তার আপন চাচা।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে আরও জানা যায়, ঘটনার দিন আনোয়ার হোসেন নিজ বসতঘরে অবস্থান করছিলেন। এ সময় মহরম আলী ও তার সহযোগীরা ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা আনোয়ারকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উত্তর পূর্বচর পাড়াতলা উচ্চবিদ্যালয় মাঠে ফেলে রাখা হয়।

অভিযোগ রয়েছে, আহত আনোয়ারকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে না পারে, সে জন্য হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেয় এবং স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শন করে। এতে পরিবারের সদস্য ও স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। দীর্ঘ সময় চিকিৎসাবঞ্চিত অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে আনোয়ার হোসেনের মৃত্যু হয়।

খবর পেয়ে কটিয়াদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের মা শিরিনা খাতুন বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় এজাহারভুক্ত ৯ জনসহ অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনকে আসামি করা হয়। মামলা নম্বর-১৮; তারিখ: ১৬ মে ২০২৬। মামলায় দণ্ডবিধির ১৪৩/৪৪৮/৩০২/৫০৬/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

হত্যাকাণ্ডের পর থেকেই আসামিরা দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে চলে যায়। পরে কিশোরগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় কটিয়াদী থানার এসআই মো. রতন মিয়ার নেতৃত্বে একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে।

অভিযানের একপর্যায়ে গত ২৩ মে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার গুরুপাড়া গ্রামে বাতাঘাট ফাঁড়ি পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে প্রধান আসামি মহরম আলীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহরম আলী হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতেও তিনি হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

এদিকে বহুল আলোচিত এ হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারে পুলিশের তৎপরতার প্রশংসা করেছেন এবং ঘটনার সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ টিম নিরলসভাবে কাজ করছে। খুব দ্রুত তাদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করা হবে।”

তিনি আরও বলেন, “পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সকল ধরনের অপরাধ দমনে সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

বিন্নাটীতে সিএনজি-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ৫

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
বিন্নাটীতে সিএনজি-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ৫

কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটী ইউনিয়নের কামালিয়াচর এলাকায় ঢাকা-ভৈরব মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে কামালিয়াচর মসজিদের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে সিএনজি চালকসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং পলাতক পিকআপ চালককে শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বাজিতপুরে র‍্যাবের অভিযানে ১১৬ কেজি গাঁজাসহ আটক ১

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ
বাজিতপুরে র‍্যাবের অভিযানে ১১৬ কেজি গাঁজাসহ আটক ১

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় র‍্যাব-১৪-এর অভিযানে ১১৬ কেজি গাঁজাসহ জাকির হোসেন (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের বেজাগাঁও এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব সূত্র জানায়, সীমান্তবর্তী কসবা এলাকা থেকে একটি বড় গাঁজার চালান বাজিতপুরে আনা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি তপন সরকারের নেতৃত্বে একটি দল সবজি বিক্রেতা ও হকারের ছদ্মবেশে অভিযানের প্রস্তুতি নেয়।

পরবর্তীতে নিশ্চিত তথ্যের ভিত্তিতে জাকির হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাকে আটক করা হলে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির পাশের একটি দোকানঘরের পেছনে শুকনো লতা-পাতার নিচে লুকিয়ে রাখা পাঁচটি বস্তা থেকে ১১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক জাকির হোসেন বাজিতপুর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বেজাগাঁও গ্রামের বদর আলীর ছেলে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র এএসপি তপন সরকার সাংবাদিকদের জানান, “মাদকের বিরুদ্ধে র‍্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজা ও আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত বাজিতপুর থানায় হস্তান্তর করা হবে।

স্থানীয়দের মতে, এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক কারবার নিয়ে উদ্বেগ ছিল। র‍্যাবের এ অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।