নিকলীতে বিপুল পরিমাণ চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
কিশোরগঞ্জের নিকলীতে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নিকলী থানা পুলিশ। এ সময় তার স্বামী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
গ্রেপ্তারকৃত নারী হলেন উপজেলার দামপাড়া মাইজহাটি গ্রামের আব্দুল বাক্কার ছিদ্দিক ওরফে সিদ্দিক সর্দারের স্ত্রী মরিয়ম বেগম (৪৯)।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মরিয়ম বেগমের বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৪ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। পরে তাকে নিজ ঘর থেকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় মরিয়ম বেগমের স্বামী আব্দুল বাক্কার ছিদ্দিক ওরফে সিদ্দিক সর্দার পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হন। তিনি স্থানীয় এলএসডি গুদামের শ্রমিক সর্দার হিসেবে কর্মরত বলে জানা গেছে।
এলাকাবাসীর অভিযোগ, সিদ্দিক সর্দার ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে চোলাই মদের ব্যবসা চালিয়ে আসছিলেন। প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তাদের বাড়িতে মাদক কেনাবেচা চলত বলে স্থানীয়রা দাবি করেন।
নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “গ্রেপ্তারকৃত মরিয়ম বেগম ও তার পলাতক স্বামীকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
পুলিশ জানায়, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।










