বাজিতপুরে র্যাবের অভিযানে ১১৬ কেজি গাঁজাসহ আটক ১
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় র্যাব-১৪-এর অভিযানে ১১৬ কেজি গাঁজাসহ জাকির হোসেন (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের বেজাগাঁও এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব সূত্র জানায়, সীমান্তবর্তী কসবা এলাকা থেকে একটি বড় গাঁজার চালান বাজিতপুরে আনা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি তপন সরকারের নেতৃত্বে একটি দল সবজি বিক্রেতা ও হকারের ছদ্মবেশে অভিযানের প্রস্তুতি নেয়।
পরবর্তীতে নিশ্চিত তথ্যের ভিত্তিতে জাকির হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাকে আটক করা হলে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির পাশের একটি দোকানঘরের পেছনে শুকনো লতা-পাতার নিচে লুকিয়ে রাখা পাঁচটি বস্তা থেকে ১১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক জাকির হোসেন বাজিতপুর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বেজাগাঁও গ্রামের বদর আলীর ছেলে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র এএসপি তপন সরকার সাংবাদিকদের জানান, “মাদকের বিরুদ্ধে র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজা ও আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত বাজিতপুর থানায় হস্তান্তর করা হবে।
স্থানীয়দের মতে, এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক কারবার নিয়ে উদ্বেগ ছিল। র্যাবের এ অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।







