ভৈরবে মরদেহের পরিচয় শনাক্ত, মিলছে না স্বজনদের সন্ধান
কিশোরগঞ্জের ভৈরবে উদ্ধার হওয়া এক ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্ত করা হলেও এখনো তার কোনো স্বজনের সন্ধান পাওয়া যায়নি। পিবিআইয়ের (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়েছে।
নিহত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা এলাকার হেমা চন্দ্র সাহার ছেলে বিকাশ সাহা (৪৩) বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৮ মে) ভোরে ভৈরব পৌর কবরস্থানের সামনে থেকে প্রথমে অজ্ঞাতপরিচয় অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরিচয় শনাক্ত করতে ব্যর্থ হলে ভৈরব থানা পুলিশ পিবিআইকে বিষয়টি অবহিত করে। পরে পিবিআই সদস্যরা ঘটনাস্থলে এসে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে নিহতের পরিচয় নিশ্চিত করেন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকাশ দীর্ঘদিন ধরে ভৈরব রেলস্টেশন ও পৌর কবরস্থান এলাকায় ভবঘুরে হিসেবে বসবাস করতেন। পরিচয় শনাক্ত হওয়ার পর আশুগঞ্জ থানার সহায়তায় তার পরিবারের সন্ধান করার চেষ্টা চালানো হলেও এখন পর্যন্ত কোনো স্বজনের খোঁজ পাওয়া যায়নি।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে বিকাশের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্ত করা হবে। এ জন্য মরদেহটি কিশোরগঞ্জে মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে নিহতের স্বজনদের খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।







