নিকলীতে শিশুধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আদালতে
কিশোরগঞ্জের নিকলীতে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মুরাদ মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তকে আটক করে গণপিটুনি দিয়ে নিকলী থানা পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ মিছিল করেছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার ছাতিরচর গ্রামে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (২৭ জুলাই) বিকেলে দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত শিশুটি প্রতিদিনের মতো প্রাইভেট পড়তে যাওয়ার পথে ছাতিরচর বাজার এলাকায় যায়। অভিযোগ রয়েছে, পথে অভিযুক্ত মুরাদ মিয়া তাকে নিজের মুদি দোকানের পেছনের গুদামে ডেকে নিয়ে ধর্ষণ করেন।
পরিবারের দাবি, ঘটনাস্থল থেকে বাড়ি ফিরে শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং মায়ের কাছে ঘটনার কথা জানায়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে গণপিটুনি দিয়ে নিকলী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর নানী বাদী হয়ে নিকলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত মুরাদ মিয়া উপজেলার ছাতিরচর গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে। তিনি পেশায় একজন মুদি দোকানদার।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।





Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array