বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
[gtranslate]
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

বাবা হোর্হে মেসির মৃত্যুর খবর পেয়ে কয়েকদিন আগে ছুটিতে থাকা আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি আবারও ফিরেছেন নিজ শহর রোজারিওতে। সেখানেই রোববার (৯ আগস্ট) বাবার শেষকৃত্যে অংশ নেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

৬৮ বছর বয়সে শনিবার মারা যান হোর্হে মেসি। পরদিন রোববার রোজারিওর কাছের পেরেজ শহরের একটি কবরস্থানে ঘনিষ্ঠ স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

ব্যক্তিগত এ আয়োজনটি কঠোর গোপনীয়তায় সম্পন্ন করা হয়। শেষকৃত্য ঘিরে কবরস্থান ও আশপাশের এলাকায় ছিল কড়া নিরাপত্তাব্যবস্থা। তবে প্রিয় তারকাকে একনজর দেখতে এবং হোর্হে মেসির প্রতি শ্রদ্ধা জানাতে কবরস্থানের আশপাশে সাংবাদিক, পুলিশ সদস্য ও ভক্তদের উপস্থিতি দেখা যায়।

লিওনেল মেসির জীবন ও ক্যারিয়ারে হোর্হে মেসির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবা হিসেবে তিনি দীর্ঘদিন মেসির পাশে ছিলেন। পাশাপাশি মেসির এজেন্ট হিসেবেও বহু বছর দায়িত্ব পালন করেছেন।

বাবার শেষ বিদায়ে তাই যুক্তরাষ্ট্র থেকে রোজারিওতে ছুটে আসেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

এর আগে ইন্টার মায়ামির কাছ থেকে ছুটি নিয়ে শনিবার সকালে ফোর্ট লডারডেল থেকে রওনা হন মেসি। দীর্ঘ যাত্রা শেষে স্থানীয় সময় রাতে নিজের শহর রোজারিওতে পৌঁছান ৩৯ বছর বয়সী এই ফুটবলার। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে বাবাকে শেষ বিদায় জানান তিনি।

হোর্হে মেসির মৃত্যুতে মেসি পরিবারের ঘনিষ্ঠজন ও ভক্তদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। বাবার সঙ্গে মেসির দীর্ঘদিনের সম্পর্ক ও পেশাগত জীবনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে এই বিদায় বিশেষভাবে আবেগঘন হয়ে ওঠে।

সিলেটে একই বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১:৫৭ অপরাহ্ণ
সিলেটে একই বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার

সিলেট মহানগরের রায়নগর মিতালি আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও এক কিশোরী গৃহকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে নগরীর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—এমএ সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২) এবং গৃহকর্মী তাহমিনা (১৫)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তথ্য জানানো হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১১১ নম্বর বাসাটির বাসিন্দা হাজী আব্দুস সাত্তার মিয়া। তিনি এলাকায় মুরব্বি হিসেবে পরিচিত ছিলেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির বলেন, স্থানীয়দের কাছ থেকে বাসাটিতে তিনজনের মরদেহ উদ্ধারের খবর পেয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে বিস্তারিত জানানো হবে।

তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কীভাবে এবং কী কারণে তাদের মৃত্যু হয়েছে, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

৫ বছরে ১.৩০ কোটি টাকার গ্যাস চুরি, শিবপুরে দুই শতাধিক সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ণ
৫ বছরে ১.৩০ কোটি টাকার গ্যাস চুরি, শিবপুরে দুই শতাধিক সংযোগ বিচ্ছিন্ন

নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্টের বিশেষ অভিযানে দুই শতাধিক আবাসিক বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব অনুযায়ী, এসব অবৈধ সংযোগের মাধ্যমে গত প্রায় পাঁচ বছরে গ্যাস ব্যবহারে রাষ্ট্রীয় কোষাগারের প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শিবপুর উপজেলার কারারচর মদিনা জুটমিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এফএম নাঈম হাসান শুভ। এ সময় তিতাস গ্যাসের নরসিংদী কার্যালয়ের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগে চার বাড়ির মালিককে মোট ৫ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের মধ্যে আওয়াল ভূঁইয়াকে ২ লাখ টাকা, রৌশন আক্তারকে ৪০ হাজার টাকা, মো. মুসলেম মিয়াকে ১ লাখ টাকা এবং মুক্ত বেগমকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিতাস গ্যাসের নরসিংদী কার্যালয়ের ব্যবস্থাপক (ইমার্জেন্সি) আহম্মদ উল্লাহ জানান, কারারচর মদিনা জুটমিল এলাকার বিভিন্ন বাড়িতে বিপুলসংখ্যক অবৈধ গ্যাস সংযোগ থাকার বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, বিকেল থেকে শুরু হওয়া অভিযানে এলাকার বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে দুই শতাধিক অবৈধ গ্যাস সংযোগ শনাক্ত করা হয়। পরে এসব সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি অবৈধ গ্যাসলাইনগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

তিতাস গ্যাসের এই কর্মকর্তা আরও জানান, বাড়ির মালিকরা কোনো বৈধ অনুমোদন ছাড়াই গোপনে এসব গ্যাস সংযোগ নিয়েছিলেন। দীর্ঘদিন ধরে তারা ওই সংযোগের মাধ্যমে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছিলেন।

প্রাথমিক হিসাব অনুযায়ী, গত প্রায় পাঁচ বছরে এসব অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস ব্যবহারের কারণে সরকারের প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

অভিযানসংশ্লিষ্টরা জানান, অবৈধ গ্যাস সংযোগের কারণে একদিকে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে অবৈধভাবে স্থাপিত ঝুঁকিপূর্ণ গ্যাসলাইন থেকে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে। এ ধরনের অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তারুণ্যের যুক্তিতে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, কুলিয়ারচরে বিতর্ক প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৮:৫৬ পূর্বাহ্ণ
তারুণ্যের যুক্তিতে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, কুলিয়ারচরে বিতর্ক প্রতিযোগিতা

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় লক্ষীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) ও উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ইশতেহাদ আহমেদ। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইদ্রিছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক মো. নূরুল আলম রাশিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল কান্তি মল্লিক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. বৃষ্টি পণ্ডিত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য লীলা রাণী সাহা, মো. নাঈমুজ্জামান নাঈম ও আলী হায়দার শাহিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা।

প্রতিযোগিতায় কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়, মুছা মিয়া উচ্চ বিদ্যালয়, ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজ এবং লক্ষীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ বিতর্ক প্রতিযোগিতায় লক্ষীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়।

কুলিয়ারচর সরকারি কলেজের দর্শন বিভাগের প্রভাষক রফিকুল বাহার প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন। বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, কুলিয়ারচর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মো. মাসুদ রানা এবং উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আনিসুর রহমান।

আয়োজকেরা বলেন, শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা, নৈতিক মূল্যবোধ ও সততার চর্চা গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে উদ্বুদ্ধ করাই এ ধরনের বিতর্ক প্রতিযোগিতার মূল লক্ষ্য। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা বাড়ানোরও সুযোগ তৈরি হয়।

পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


Warning: Constant WP_USE_THEMES already defined in /home/dkishoreganj/public_html/index.php on line 41