শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
[gtranslate]
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

হোসেনপুরে ২০ পরিবারের চলাচলের রাস্তা কেটে বন্ধের অভিযোগ

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
হোসেনপুরে ২০ পরিবারের চলাচলের রাস্তা কেটে বন্ধের অভিযোগ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর চরপুমদী গ্রামে ২০টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তা কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশী অনু মিয়ার ছেলে মো. দুলাল মিয়ার বিরুদ্ধে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা। বিশেষ করে শিশু, শিক্ষার্থী ও বয়স্কদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এক ভুক্তভোগী।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর চরপুমদী গ্রামের প্রায় ২০টি পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে একটি রাস্তা দিয়ে চলাচল করে আসছেন। বসতবাড়ির পাশ দিয়ে যাওয়া এ রাস্তা দিয়ে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীরাও নিয়মিত যাতায়াত করত। সম্প্রতি রাস্তা নিয়ে প্রতিবেশীদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে গত ২৪ অক্টোবর রাতে রাস্তার একটি অংশ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

সরেজমিনে দেখা যায়, বসতবাড়ির সামনে দিয়ে যাওয়া চলাচলের রাস্তাটির একটি বড় অংশ কেটে ফেলা হয়েছে। রাস্তার মাটি সরিয়ে নেওয়ায় সেখানে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। একদিকে বসতবাড়ি, অন্যদিকে ফিশারির পানি থাকায় স্বাভাবিক চলাচলের পথটি কার্যত বন্ধ হয়ে গেছে। এতে ওই এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে বের হওয়া এবং জরুরি প্রয়োজনে যাতায়াত করা কঠিন হয়ে পড়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, গত ২৪ অক্টোবর সকালে প্রতিবেশী সাইফুল ইসলাম, রফিকুল ইসলামসহ কয়েকজনের সঙ্গে রাস্তা নিয়ে দুলাল মিয়ার কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে রাতের আঁধারে দুলাল মিয়া তাঁর ফিশারির পাশ দিয়ে যাওয়া প্রায় ২০০ হাত রাস্তা কেটে ফেলেন। এতে দীর্ঘদিন ধরে ব্যবহৃত চলাচলের পথটি বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের উপস্থিতিতে দুলাল মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমার নিজের জায়গার ওপর দিয়ে চলাচলের রাস্তা ছিল। আমি আমার জায়গার ওপর দিয়ে রাস্তা কেটে ফেলেছি। তারা অন্য দিক দিয়ে রাস্তা করে চলাফেরা করুক। আমি আমার জায়গার ওপর দিয়ে আর রাস্তা দেব না।”

অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের দাবি, বিষয়টি শুধু ব্যক্তিগত জমির বিরোধ নয়; বরং দীর্ঘদিন ধরে ২০টি পরিবারের চলাচলের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ রাস্তার বিষয়। রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় ওই পরিবারগুলোর দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং অসুস্থ ব্যক্তি ও বয়স্কদের জরুরি প্রয়োজনে চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

পুমদী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য মো. সুজন মিয়া বলেন, প্রায় ১৫ বছর আগে সরকারি বরাদ্দের মাধ্যমে তৎকালীন ইউপি সদস্য সাইফুল ইসলাম ওই এলাকায় একটি কালভার্ট নির্মাণ করেন। পাশাপাশি প্রায় আধা কিলোমিটার রাস্তার মাটি ভরাট করা হয়। এলাকার ২০টি পরিবারের সদস্য ও স্কুলের শিক্ষার্থীরা যাতে সহজে চলাচল করতে পারে, সে উদ্দেশ্যেই রাস্তাটি নির্মাণ করা হয়েছিল।

সুজন মিয়া আরও বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসী রাস্তাটি ব্যবহার করে আসছেন। হঠাৎ করে রাস্তা কেটে ফেলার কারণে সাধারণ মানুষের চলাচলে সমস্যা তৈরি হয়েছে। বিষয়টি সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া জরুরি।

ভুক্তভোগী পরিবারের সদস্য দীন ইসলাম ও খোকন মিয়া বলেন, “আমরা গত দুই দিন ধরে বাড়ি থেকে বের হতে পারছি না। আমাদের চলাচলের একমাত্র রাস্তা কেটে ফেলায় চরম দুর্ভোগে পড়েছি। পরিবারের সদস্যদের নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছি। স্কুলের শিক্ষার্থীরাও ঠিকমতো যাতায়াত করতে পারছে না। আমরা প্রশাসনের কাছে দ্রুত রাস্তা পুনরুদ্ধারের দাবি জানাচ্ছি।”

তাঁদের অভিযোগ, দুলাল মিয়া এলাকার কারও কথা মানতে চান না। রাস্তা নিয়ে বিরোধের কারণে সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হচ্ছে। এ অবস্থায় তাঁরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী সাইফুল ইসলাম রোববার দুপুরে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেখসোনা খাতুনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে। অভিযোগে রাস্তা কেটে ফেলার বিষয়টি উল্লেখ করে জনসাধারণের চলাচলের পথ পুনরুদ্ধার এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

স্থানীয় সচেতন মহলের মতে, দীর্ঘদিন ধরে ব্যবহৃত চলাচলের রাস্তা নিয়ে সৃষ্ট বিরোধের দ্রুত ও ন্যায়সংগত সমাধান হওয়া প্রয়োজন। বিশেষ করে শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্কদের চলাচলের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি।

এলাকাবাসীর আশা, উপজেলা প্রশাসন বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং ২০টি পরিবারের স্বাভাবিক চলাচলের পথ পুনরায় সচল করার উদ্যোগ গ্রহণ করবে।

নিকলীতে বিয়ের খাবার খেয়ে বর-কনেসহ অসুস্থ অর্ধশতাধিক, একজনের মৃত্যু

শেখ উবাইদুল হক সম্রাট প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
নিকলীতে বিয়ের খাবার খেয়ে বর-কনেসহ অসুস্থ অর্ধশতাধিক, একজনের মৃত্যু

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অর্ধশতাধিক মানুষ। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। অসুস্থদের মধ্যে বর ও কনেও রয়েছেন। গত শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিদের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বড়কান্দা গ্রামের আরজু মিয়ার (৫০) মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল শুক্রবার। অনুষ্ঠানে প্রায় ৩০০ অতিথির খাবারের আয়োজন করা হয়। প্রথমে কনেপক্ষের অতিথিদের খাবার পরিবেশন করা হয়। পরে বিকেলে বরপক্ষের আমন্ত্রিত অতিথিরা খাবার খান। এর কিছুক্ষণ পরই অতিথিদের মধ্যে পেটব্যথা, বমি ও ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়। অসুস্থ ব্যক্তিরা একে একে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হতে থাকেন।

অসুস্থদের মধ্যে কিরণ, আকাশ, রুবেল ও তুষারসহ কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদরসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে বড়কান্দা গ্রামের ইউসুফ আলী মাস্টারের ছেলে কিরণ (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি পল্লিচিকিৎসক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, জহুরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বিয়ের কনে তাসমিতা বেগম (১৯) জানান, শুক্রবার তাঁর বিয়ের অনুষ্ঠানে কনেপক্ষ ও বরপক্ষের অতিথিরা খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর স্বামী শেখ স্বাধীন ও তিনি নিজেও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ হয়ে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন বরপক্ষের আত্মীয় ও সিংপুর গ্রামের বাসিন্দা সেলিম মিয়া। তিনি জানান, অনুষ্ঠানে গরুর মাংস ভালোভাবে রান্না করা হয়নি বলে তাঁর ধারণা। ওই খাবার খেয়েই তাঁরা অসুস্থ হয়ে থাকতে পারেন। এ ঘটনায় তাঁর পরিবারের চারজন অসুস্থ হয়েছেন বলেও জানান তিনি।

সিংপুর গ্রামের রুবেল মিয়া (৩৫) বলেন, বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ব্যক্তিদের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে রাতভর একে একে তাঁদের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে যাঁদের অবস্থা আশঙ্কাজনক, তাঁদের ভাগলপুর, কিশোরগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আরও কয়েকজন নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরমা দাস জানান, বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে এ পর্যন্ত ২২ জন নারী ও ১৮ জন পুরুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে রোগীর সংখ্যা বাড়ছে।

নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ বলেন, অসুস্থ রোগীদের নিয়মিত চিকিৎসাসহ প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে যাঁদের অবস্থা আশঙ্কাজনক, তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। চিকিৎসার সরঞ্জাম ও ওষুধের কোনো সংকট নেই। তবে হাসপাতালে শয্যাসংকট থাকায় রোগীদের মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে।

এদিকে, নিহত কিরণের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ।

কটিয়াদীতে কানামাছি খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে প্রাণ গেল ৯ বছরের অদ্রির

মাইনুল হক মেনু প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ
কটিয়াদীতে কানামাছি খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে প্রাণ গেল ৯ বছরের অদ্রির

কিশোরগঞ্জের কটিয়াদীতে ভাড়া বাসার তিনতলার ছাদে সমবয়সীদের সঙ্গে কানামাছি খেলতে গিয়ে নিচে পড়ে অদ্রি বর্মন (৯) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কটিয়াদী পৌরসভার পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত অদ্রি বর্মন পুলিশের উপপরিদর্শক সুভাষ বর্মনের মেয়ে। সে কটিয়াদী লিটল ফ্লাওয়ার স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের গ্রামের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায়। সুভাষ বর্মন আগে কটিয়াদী মডেল থানায় কর্মরত ছিলেন। বর্তমানে তিনি পাকুন্দিয়া উপজেলার আহুতিয়া তদন্তকেন্দ্রে দায়িত্ব পালন করছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় অদ্রি নিজ ভাড়া বাসার তিনতলার ছাদে সমবয়সী শিশুদের সঙ্গে কানামাছি খেলছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত ছাদের কিনারা থেকে নিচে পড়ে যায় সে। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পায় শিশুটি। তার পড়ে যাওয়ার ঘটনা দেখে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন।

পরে তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরিবারের সদস্যরা দ্রুত ঢাকায় নেওয়ার ব্যবস্থা করলেও পথেই শিশুটির মৃত্যু হয়।

কটিয়াদী লিটল ফ্লাওয়ার স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অদ্রি বর্মন তাঁর প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। বাসার ছাদে খেলাধুলার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন। এ ঘটনায় থানায় কোনো অভিযোগও আসেনি।

নয় বছর বয়সী অদ্রি বর্মনের এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন, সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পাকুন্দিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২৩ পিস ইয়াবাসহ মনির হোসাইন হৃদয় (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) উপজেলার সালুয়াদি গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হৃদয় ওই গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জনি মিয়া ও জাহাঙ্গীর আলম এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হেলাল মুন্সি, মো. হাসান আলী ও শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সালুয়াদি গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় মনির হোসাইন হৃদয়কে ২৩ পিস ইয়াবাসহ আটক করা হয়।

এ ঘটনায় পাকুন্দিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামিকে বিচারিক কার্যক্রমের জন্য কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।