হাদী হত্যা: শুটার ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী রুবেলের আরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদের ঘনিষ্ঠ সহযোগী রুবেল আহম্মেদের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
বুধবার (২৮ জানুয়ারি) ছয় দিনের রিমান্ড শেষে রুবেলকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে আবারও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত ২২ জানুয়ারি একই আদালত তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
ঘটনার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে রাজধানীর পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডে দুষ্কৃতকারীরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়।
এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১২০(বি), ৩২৬, ৩০৭, ১০৯ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়। গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি ১৮ ডিসেম্বর মারা যান। পরে ২০ ডিসেম্বর তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা (হত্যা) সংযোজনের নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ।
গত ৬ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পরিদর্শক ফয়সাল আহমেদ ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। তবে ডিবির দাখিল করা চার্জশিটে অসন্তোষ প্রকাশ করে গত ১৫ জানুয়ারি মামলার বাদী আদালতে নারাজি আবেদন করেন। আদালত সেই আবেদন গ্রহণ করে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেন। বর্তমানে মামলাটি সিআইডির তদন্তাধীন রয়েছে।
চার্জশিটে অভিযুক্ত ১৭ জনের মধ্যে বর্তমানে ১১ জন কারাগারে এবং ছয়জন পলাতক রয়েছেন।
পলাতক আসামিরা হলেন—
প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ, তার সহযোগী আলমগীর হোসেন, মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপ স্মল ফিলিপস, মুক্তি আক্তার এবং ফয়সালের বোন জেসমিন আক্তার।
অন্যদিকে, কারাগারে আটক আসামিদের মধ্যে রয়েছেন— ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির, মা মোছা. হাসি বেগম, স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, বান্ধবী মারিয়া আক্তার লিমা এবং শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array