ঊরুতে লুকানো ছিল ইয়াবা, ভৈরবে আটক মাদক কারবারি
কিশোরগঞ্জের ভৈরবে বিশেষ অভিযানে ১ হাজার ৯৮০ পিস ইয়াবাসহ সাগর হোসেন (৫৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভৈরব কার্যালয়ের সদস্যরা।
মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে পৌর শহরের দুর্জয় মোড় এলাকার নুরানী ড্রাই ক্লিনার অ্যান্ড লন্ড্রির সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক সাগর হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার রাধানগর বণিকপাড়া এলাকার মৃত আমানুল্লাহর ছেলে। বর্তমানে তিনি ভৈরবের জগন্নাথপুর এলাকায় ভুট্টু মিয়ার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভৈরব কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুর্জয় মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে সাগর হোসেনকে আটক করে তার দেহ তল্লাশি করা হয়।
তল্লাশিকালে তার ডান পায়ের ঊরুতে অ্যাংলেট মোজার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় সাগর হোসেনের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদক পাচার ও কারবার রোধে ভৈরবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তারা।








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array