কিশোরগঞ্জে র্যাবের জালে ১২ বছরের পুরোনো মামলার সাজাপ্রাপ্ত আসামি
চট্টগ্রাম রেলওয়ে থানায় দায়ের করা ১২ বছর আগের একটি মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা এক ওয়ারেন্টভুক্ত আসামিকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-২।
র্যাব সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত হওয়ার পর বুধবার (২৫ জুন) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ সদর উপজেলার সুম শোলাকিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. বাবুল মিয়া (৩০) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাবুল মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার সুম শোলাকিয়া এলাকার বাসিন্দা। তিনি তারা মিয়ার ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা নম্বর-০১(০৬)২০১২, জিআর নম্বর-২১/২০১২-এ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি)(২) ধারায় মামলা রয়েছে। মামলায় আদালত তাকে চার বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকেই তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর ছিল।
গোপন তথ্য ও প্রযুক্তিগত নজরদারির ভিত্তিতে র্যাব তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।







