ঠাকুরগাঁওয়ে নিখোঁজ চার স্কুলছাত্রী সিলেটে উদ্ধার
সংগ্রহীত ছবি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার একটি বিদ্যালয়ের চার স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার একদিন পর সিলেট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) সিলেটের একটি বাস কাউন্টার থেকে তাদের উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি সংঘবদ্ধ চক্র প্রলোভন দেখিয়ে তাদের সীমান্তবর্তী এলাকায় নিয়ে গিয়েছিল। তাদের ভারতে পাচারের চেষ্টা হয়েছিল কি না, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ৬টার দিকে চার ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। সকাল ১০টার মধ্যে তাদের বাড়ি ফেরার কথা থাকলেও সন্ধ্যা পর্যন্ত তারা ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
পরে আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে বালিয়াডাঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডি হওয়ার পরপরই পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের সন্ধানে অভিযান শুরু করে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, নিখোঁজ চার ছাত্রীকে ঠাকুরগাঁও থেকে সিলেটে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সিলেটের একটি বাস কাউন্টারে তারা গোয়াইনঘাটগামী বাসের জন্য অপেক্ষা করছিল। এ অবস্থায় পুলিশ তাদের উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন প্রলোভন দেখিয়ে চার ছাত্রীকে সীমান্তবর্তী এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এর পেছনে মানবপাচার চক্র জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস বলেন, “চার ছাত্রীকে সিলেটের একটি বাস কাউন্টার থেকে উদ্ধার করা হয়েছে। তারা গোয়াইনঘাট যাওয়ার উদ্দেশ্যে বাসের অপেক্ষায় ছিল। মঙ্গলবার রাত থেকেই পুলিশ তাদের সন্ধানে নিরবচ্ছিন্নভাবে কাজ করেছে। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছে। কীভাবে তারা সেখানে পৌঁছেছে, কারা তাদের নিয়ে গেছে এবং এর পেছনে কোনো মানবপাচার চক্র জড়িত আছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
তিনি আরও জানান, উদ্ধার হওয়া চার ছাত্রীর শারীরিক ও মানসিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত এবং কোনো সংঘবদ্ধ অপরাধচক্র জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।










Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array