ডিপফেক ভিডিও ছড়িয়ে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিএনপি নেতা
ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে কৃত্রিমভাবে (ডিপফেক) ভুয়া ও বিকৃত ভিডিও তৈরি করে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ করেছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কামাল হোসেন। এ ঘটনায় তিনি সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত এবং আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
রোববার (৫ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে কামাল হোসেন বলেন, তিনি দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে রাজনীতি করে আসছেন। দলের প্রতি তাঁর আনুগত্য এবং এলাকায় জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে তিনি দাবি করেন।
তার ভাষ্য, সেই ধারাবাহিকতায় সম্প্রতি আধুনিক ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে সম্পূর্ণ কৃত্রিম উপায়ে তাঁর একটি ভুয়া ও বিকৃত ভিডিও তৈরি করা হয়েছে। ওই ভিডিওতে তাঁকে মাদক গ্রহণের দৃশ্যে দেখিয়ে সামাজিক ও রাজনৈতিকভাবে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
কামাল হোসেন দাবি করেন, ভিডিওটি ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং এর সঙ্গে তাঁর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তিনি বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে তিনি মাদক ও সব ধরনের অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছেন।
তিনি আরও অভিযোগ করেন, তাঁর রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করা, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা এবং ভবিষ্যতের দলীয় কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করতেই এ ধরনের অপপ্রচার চালানো হয়েছে। এর মাধ্যমে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা নষ্ট করার চেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে কামাল হোসেন জানান, এ ঘটনায় ইতোমধ্যে আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সাইবার অপরাধ তদন্ত সংস্থার কাছে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। তাই এ ধরনের তথ্যভিত্তিক নয় এমন প্রচারণা বা ভিডিও প্রকাশের আগে যথাযথ সত্যতা যাচাই করার আহ্বান জানান তিনি। পাশাপাশি বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য-প্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য স্থানীয় জনগণ এবং দলীয় নেতাকর্মীদের প্রতিও আহ্বান জানান।
তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট কোনো পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array