নিকলীতে পর্যটকবাহী নৌকা দুর্ঘটনায় ৫ বছরের শিশু নিখোঁজ
কিশোরগঞ্জের নিকলীতে পর্যটকবাহী একটি নৌকা কাত হয়ে পানিতে পড়ে মো. ওয়ালিদ (৫) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার ছাতিরচর করস বাগান পর্যটন এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ ওয়ালিদ কটিয়াদী উপজেলার উজ্জল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ছাতিরচর করস বাগান এলাকায় যাত্রীবোঝাই একটি নৌকা চলাচলের সময় হঠাৎ একদিকে কাত হয়ে যায়। এতে নৌকায় থাকা অধিকাংশ যাত্রী পানিতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করেন।
উদ্ধারের পর যাত্রীদের উপস্থিতি যাচাই করতে গিয়ে ওয়ালিদকে পাওয়া যায়নি। এরপর স্বজন ও স্থানীয় লোকজন পানিতে নেমে শিশুটির সন্ধানে খোঁজাখুঁজি শুরু করেন।
খবর পেয়ে নিকলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটিকে উদ্ধারে হাওরের পানিতে তল্লাশি শুরু করে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, ছাতিরচর হাওরে একটি শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array