বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

হোটেল–মিষ্টান্নে অনিয়ম: ভৈরবে জরিমানা ৭ লাখ ৬০ হাজার

রেজাউল হক প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
হোটেল–মিষ্টান্নে অনিয়ম: ভৈরবে জরিমানা ৭ লাখ ৬০ হাজার

কিশোরগঞ্জের ভৈরবে বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে পরিচালিত এ অভিযানে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন–বিক্রির দায়ে মোট ৫ প্রতিষ্ঠানকে ৭ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানেটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, র‌্যাব–১৪ (সিপিসি–২) কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্য, জেলা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দেশের চলমান খাদ্যে ভেজাল বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ভৈরব পৌর শহরের ডালপট্টি, বটতলা রোড, জগন্নাথপুর ও কালিকাপ্রসাদ বিসিক শিল্পনগরীসহ বেশ কয়েকটি এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে জরিমানার পরিমাণ:

  • মা কমলা ভান্ডার (ডালপট্টি): মথ ডালে ক্ষতিকর রং মিশিয়ে মুগ ডাল হিসেবে বিক্রি — ১ লাখ টাকা

  • লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডার (বটতলা রোড): অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন — ২ লাখ টাকা

  • গোপাল মিষ্টান্ন ভাণ্ডার: মিষ্টিতে ক্ষতিকর রং মেশানো ও অস্বাস্থ্যকর পরিবেশ — ১ লাখ ৫০ হাজার টাকা

  • জান্নাত হোটেল অ্যান্ড রিসোর্ট (ঢাকা–সিলেট মহাসড়ক): ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ, দইয়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা — ১ লাখ ১০ হাজার টাকা

  • জিলানী ফ্লাওয়ার মিলস অ্যান্ড ফুড প্রোডাক্টস (বিসিক): মোড়কে মেয়াদ উত্তীর্ণের তারিখ না দেওয়া — ২ লাখ টাকা

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম বলেন,
“ভৈরবে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি এবং ব্যবসায়ীদের বারবার সতর্ক করছি। ভেজাল খাদ্যে মানবদেহের ক্ষতিকর উপাদানসহ ক্যান্সারের উপাদান পর্যন্ত পাওয়া যাচ্ছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশে কিশোরগঞ্জজুড়ে অভিযান চলছে। আজ ভৈরবে মোট ৭ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।”

‘অধিক সারে অধিক ফসল’ ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসার আহ্বান

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৪:২৭ অপরাহ্ণ
‘অধিক সারে অধিক ফসল’ ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসার আহ্বান

‘অধিক সারে অধিক ফসল’—এই ভ্রান্ত ধারণা থেকে কৃষকদের বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. ইমরুল কায়েস। তিনি বলেন, অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারে ফসলের ক্ষতি হয়, মাটির উর্বরতা নষ্ট হয় এবং পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কিশোরগঞ্জের ভৈরব উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের দিনব্যাপী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষি জমিতে ফসলের নিবিড়তা বৃদ্ধি এবং আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে ‘প্রোগ্রাম অন রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’-এর আওতায় এ সেমিনারের আয়োজন করা হয়। এতে উপজেলার ১৭টি পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের ৩৪ জন সদস্য, সহকারী কৃষি কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া ও হাসিবুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা এবং সমাজসেবা কর্মকর্তা রিফফাত জাহান ত্রপা।

উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোছা মিয়া, সাংবাদিক ফজলুর রহমান এবং কৃষি পরিবার কর্পোরেশনের চেয়ারম্যান আলাউদ্দিন আলমসহ সংশ্লিষ্টরা।

সেমিনারে বক্তারা জানান, ভৈরব উপজেলায় বর্তমানে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের ২৭টি টিম রয়েছে। প্রতিটি টিমে ২৫ জন সদস্য রয়েছেন, যারা ১০টি সেশনের মাধ্যমে ফসলের নিবিড়তা বৃদ্ধি ও বাণিজ্যিক কৃষি সম্প্রসারণ বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন।

বক্তারা আরও বলেন, এ কার্যক্রমের মূল লক্ষ্য হলো নারী ও তরুণ কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, বীজ প্রত্যয়ন ব্যবস্থা জোরদার, নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা এবং উত্তম কৃষি চর্চা (GAP) বাস্তবায়ন। পাশাপাশি পরিবেশগত ও সামাজিক সুরক্ষার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তারা জানান, বর্তমানে কৃষিজমিতে জৈব সারের পরিমাণ হওয়া উচিত কমপক্ষে ৫ শতাংশ, অথচ বাস্তবে তা মাত্র ১ শতাংশ। অন্যদিকে রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহার ফসল ও মাটির জন্য ক্ষতিকর হয়ে উঠছে। তাই সুষম সার ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, ভৈরবের ইউনিয়নগুলো থেকে কর্মঠ, উদ্যোগী এবং বাণিজ্যিক কৃষিতে আগ্রহী কৃষকদের বাছাই করে এই কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন প্রযুক্তি ও আধুনিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ।

সেমিনারে কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ফিল্ড স্কুলের সদস্যদের পাশাপাশি সাধারণ কৃষকদেরও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। বিশেষ করে নারী কৃষকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যাতে তারা অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হতে পারেন।

হোসেনপুরে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের চেষ্টা

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
হোসেনপুরে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের চেষ্টা

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি থাকা অবস্থায় জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগী মো. নাজমুল ইসলাম হোসেনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দিয়েছে। পাশাপাশি কিশোরগঞ্জ আদালতের ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার আলোকে নোটিশ জারি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সিদলা ইউনিয়নের মেচেড়া (আটকাপাড়া) গ্রামের বাসিন্দা মো. নজরুল ইসলাম (৪৮) তার পৈত্রিক সম্পত্তিতে দখল ও বসতঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ তুলে থানায় আবেদন করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, একই গ্রামের শহীদ মিয়া, সোহাগ মিয়া, মো. ফজলু গংসহ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে এবং তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে।

আরও বলা হয়, বিবাদীরা সংঘবদ্ধ হয়ে জমিতে অবৈধভাবে প্রবেশ করে দখল নেওয়া এবং বসতঘর নির্মাণের চেষ্টা চালাচ্ছে। এতে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনায় স্থানীয় কয়েকজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে, যারা অভিযোগের সত্যতা নিশ্চিত করতে পারবেন বলে দাবি করেছেন অভিযোগকারী।

অভিযোগের পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশনায় ১৪৪ ধারা জারি করা হয়। হোসেনপুর থানা থেকে উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নোটিশ প্রদান করা হয়েছে। নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, বিরোধপূর্ণ জমিতে কেউ কোনো প্রকার বিশৃঙ্খলা, দখল বা অবৈধ কার্যক্রমে জড়িত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে অভিযোগ রয়েছে, বিবাদীপক্ষ ওই নির্দেশনা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আইনশৃঙ্খলা অবনতিরোধে উভয় পক্ষকে সতর্ক করা হয়েছে। প্রয়োজন হলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় সচেতন মহল দ্রুত বিষয়টির স্থায়ী সমাধান ও প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।

হোসেনপুরের সন্তান মোশারফ হোসেনের সাটুরিয়া থানার ওসি হিসেবে পদায়ন

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
হোসেনপুরের সন্তান মোশারফ হোসেনের সাটুরিয়া থানার ওসি হিসেবে পদায়ন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৬ নম্বর পুমদী ইউনিয়নের ঐতিহ্যবাহী নান্দানিয়া গ্রামের কৃতি সন্তান পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোশারফ হোসেনকে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

তার এই গুরুত্বপূর্ণ পদায়নে পুমদী ইউনিয়নসহ হোসেনপুর উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

জানা যায়, মোশারফ হোসেন এর আগে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-তে ওসি (ডিবি) হিসেবে দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পেশাগত দক্ষতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে তিনি সহকর্মী ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

পুমদী ইউনিয়নবাসী আশা প্রকাশ করেন, তিনি নতুন কর্মস্থল সাটুরিয়া থানায়ও দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এ সময় তার সার্বিক সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মজীবনের জন্য দোয়া ও শুভকামনা জানানো হয়।