কিশোরগঞ্জে বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগে থানায় অভিযোগ দায়ের
কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের কুট্টাগড় গ্রামে এক বিধবার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী হেলেনা খাতুন (৬০) কিশোরগঞ্জ মডেল থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় পূর্ব পরিকল্পিতভাবে লোহার রড, রামদা, কুড়াল ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একদল দুর্বৃত্ত হেলেনা খাতুনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। অভিযোগকারী জানান, ১ নম্বর বিবাদী মো: শওকত ইমরানের নির্দেশে অভিযুক্তরা তার ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ ৫ লাখ টাকা এবং প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
হামলায় বাড়ির আসবাবপত্র, ফ্রিজ ও অন্যান্য মালামাল ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধন করা হয়। এতে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকার সমপরিমাণ ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
অভিযোগে উল্লেখিত প্রধান অভিযুক্তরা হলেন— মো: শওকত ইমরান (৪১), সানি (২২), শরীফ (৪৩), সেলিনা খাতুন (৩৮), জুবেদা খাতুন (২৭), সোনিয়া (২৫), শামসুন্নাহার (৬০), সান্তনা (২৮), জালাল উদ্দিন (৫৫), মতিউর রহমান (৫৮) ও শাহাদৎ (৪১)। অভিযুক্তদের অধিকাংশ স্থানীয় কুট্টাগড় ও মারিয়া এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী হেলেনা খাতুন বলেন, “সন্ত্রাসীরা আমার বাড়িতে ঢুকে তাণ্ডব চালিয়েছে এবং সর্বস্ব লুট করে নিয়েছে। আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং প্রশাসনের কাছে এই অন্যায়ের সুষ্ঠু বিচার দাবি করছি।”
এই বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানা কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array